পুজোর আনন্দের মধ্যেই রাজ্য সরকারি কর্মীদের অগ্রিম বেতন ও বর্ধিত মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। অক্টোবর মাসের অগ্রিম বেতনের সঙ্গে বাড়তি মহার্ঘ ভাতার অর্থও কর্মীদের ব্যাংক হিসাবে জমা হবে। অবসরপ্রাপ্ত কর্মীদের অবসরভাতা দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
পঞ্চমী না ষষ্ঠী—কোন দিন অর্থ জমা হবে, তা নিয়ে বিভ্রান্তির মধ্যে সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, পনেরোই অক্টোবরের মধ্যেই সংশ্লিষ্ট অর্থ জমা হবে।
কেন্দ্র ও রাজ্যের ভাতার ব্যবধান কমানোর চেষ্টা
মুখ্যমন্ত্রী বলেন, সরকার পরিবর্তন না হলে এই পদক্ষেপ সম্ভব হত না। কেন্দ্র ও রাজ্যের মহার্ঘ ভাতার মধ্যে যে ব্যবধান রয়েছে, তা কমানোর চেষ্টা চলছে বলেও জানান তিনি।
পুজোর ছুটি শুরুর আগেই কর্মীদের হাতে বেতন ও বাড়তি ভাতার অর্থ পৌঁছে দেওয়াই এই সিদ্ধান্তের উদ্দেশ্য। পনেরোই অক্টোবর থেকে রাজ্য সরকারের পুজোর ছুটি শুরু হচ্ছে।

