নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে তল্লাশি চালাল পুলিশ। শুক্রবার ভোররাতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে শালবনি থানার পুলিশ সেখানে পৌঁছয়। অভিযানে উপস্থিত ছিল কালীঘাট থানার পুলিশ এবং কলকাতা পুলিশের মহিলা কর্মীরাও।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের খোঁজেই এই তল্লাশি অভিযান চালানো হয়। জমি দুর্নীতি ও আর্থিক তছরুপ-সহ একাধিক মামলায় সুমিত রায়ের নাম উঠে এসেছে বলে অভিযোগ। তদন্তকারীদের দাবি, শেষবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতেই সুমিত রায়ের মোবাইল টাওয়ারের অবস্থান ধরা পড়েছিল। সেই সূত্র ধরেই শালবনি থেকে পুলিশের একটি বিশেষ দল কলকাতায় আসে।
অভিযান চলাকালীন দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। তবে সুমিত রায়ের কোনও খোঁজ মেলেনি বলে জানা গিয়েছে।
সকালে পুলিশ চলে যাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ প্রকাশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমি কোনও তদন্তকারী সংস্থা নই, তদন্তকারী সংস্থার প্রতিনিধিও নই। তদন্তকারী সংস্থাকে প্রশ্ন করুন, তাঁরাই জবাব দেবেন। আমার পুরো বাড়ি তল্লাশি করা হয়েছে।”
অন্যদিকে, তল্লাশির খবর পেয়ে সেখানে পৌঁছন তৃণমূল সুপ্রিমো ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ সেখানে থাকার পর তিনি এলাকা ছেড়ে চলে যান।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। যদিও সুমিত রায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ ও তদন্তের চূড়ান্ত সত্যতা নির্ধারণ করবে আইনি প্রক্রিয়া এবং তদন্তের পরবর্তী ধাপ।
#AbhishekBanerjee #TMCPolitics #WestBengalPolitics #PoliceSearch #PoliticalNews #MamataBanerjee #IndiaPolitics #BreakingNews

