Damayanti Sen Missing ঘটনায় উদ্বেগ বাড়ছে। জাতীয় স্তরের রাইফেল শুটার ও দশম শ্রেণির ছাত্রী দময়ন্তী সেন নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ মেলেনি। পুলিশ একাধিক দল গঠন করে জোরদার তল্লাশি চালাচ্ছে।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: মধ্য হাওড়ার উমাচরণ ভট্টাচার্য লেনের বাসিন্দা, জাতীয় স্তরের রাইফেল শুটার এবং দশম শ্রেণির ১৫ বছর বয়সি ছাত্রী দময়ন্তী সেনের রহস্যজনক নিখোঁজ হওয়ার ঘটনায় ক্রমশ বাড়ছে উদ্বেগ। নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টারও বেশি সময় কেটে গেলেও এখনও পর্যন্ত তাঁর কোনও খোঁজ মেলেনি। কিশোরীকে উদ্ধারে শুক্রবার দিনভর তৎপরতা চালিয়েছে হাওড়া সিটি পুলিশ ও রেল পুলিশ।
দময়ন্তীকে খুঁজে বের করতে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে চারটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। এই দলগুলি শুধু হাওড়া নয়, রাজ্যের বিভিন্ন জেলাতেও তল্লাশি চালাচ্ছে। পরিবারের কাছ থেকে দময়ন্তীর সম্ভাব্য যাতায়াতের জায়গাগুলির তথ্য সংগ্রহ করে সেই সূত্র ধরেই অনুসন্ধান চালানো হচ্ছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, দুধ কিনতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিল দময়ন্তী। তারপর আর সে বাড়ি ফেরেনি। বাড়ি থেকে বেরোনোর সময় তার সঙ্গে কোনও মোবাইল ফোন, টাকা বা পরিচয়পত্র ছিল না।
নিখোঁজ ডায়েরি হওয়ার পর তদন্তে নেমে পুলিশ শ্রীরামপুর স্টেশনের সিসিটিভি ফুটেজে দময়ন্তীকে দেখতে পায়। তবে সেই ফুটেজের পর আর তাঁর কোনও সন্ধান মেলেনি।
শুক্রবার সকালে খবর ছড়ায়, শ্রীরামপুরের মাহেশের রথের মেলায় দময়ন্তীকে দেখা গিয়েছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত সেখানে পৌঁছন। কিন্তু দীর্ঘ খোঁজাখুঁজির পরও তাঁরা মেয়ের কোনও সন্ধান পাননি। হতাশ হয়ে খালি হাতেই বাড়ি ফিরতে হয় তাঁদের।
মেয়ের খোঁজে এদিন রাজ্য পুলিশের সদর দপ্তর ভবানী ভবনের দ্বারস্থ হন বাবা ধ্রুবজ্যোতি সেন। তিনি পেশায় একজন প্রধান শিক্ষক। অন্যদিকে মা মৌমিতা রায় সেনও শিক্ষকতা করেন। মেয়ের হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় কার্যত ভেঙে পড়েছে গোটা পরিবার।
কাঁদতে কাঁদতে মা জানান, বুধবার রাতে দময়ন্তী ফোন জমা দিতে ভুলে গিয়েছিল। পরে তাঁর বাবা ফোনটি নিয়ে নেন। পরিবারের আশঙ্কা, হয়তো এই ঘটনায় অভিমান করেই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছিল শান্ত স্বভাবের দময়ন্তী।
ধ্রুবজ্যোতি সেন বলেন, “আমার মেয়ে মোবাইল-আসক্ত ছিল না। আমরাই নিয়ম মেনে ফোন ব্যবহার করতে দিতাম। হঠাৎ যেন ও উধাও হয়ে গেল।”
দময়ন্তী শুধু পড়াশোনাতেই নয়, রাইফেল শুটিংয়েও অত্যন্ত প্রতিভাবান। অলিম্পিয়ান জয়দীপ কর্মকারের কাছে প্রশিক্ষণ নিচ্ছিল সে। সম্প্রতি জাতীয় দলের ট্রায়ালের ডাকও পেয়েছিল। খুব শিগগিরই একটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথাও ছিল তার। প্রতিশ্রুতিবান এই শুটারের নিখোঁজ হওয়ার ঘটনায় ক্রীড়ামহলেও উদ্বেগ ছড়িয়েছে।
এদিকে পুলিশ জানিয়েছে, দময়ন্তীর খোঁজে বিভিন্ন জায়গায় চিরুনি তল্লাশি চলছে। হাওড়া সিটি পুলিশের চারটি দল এবং রেল পুলিশ একযোগে তদন্ত চালাচ্ছে। বিভিন্ন স্টেশন, সম্ভাব্য যাতায়াতের পথ এবং পরিচিত জায়গাগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে।
২৪ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও এখনও দময়ন্তীর কোনও খোঁজ না মেলায় উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের। একটাই আশা—সুস্থভাবে বাড়ি ফিরুক তাদের মেয়ে।
#DamayantiSen #MissingGirl #Howrah #RifleShooter #WestBengal #PoliceInvestigation #BreakingNews #StudentMissing
সাম্প্রতিক পোস্ট
রাত পেরিয়েও অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা এল না? এবার কী করতে হবে জেনে নিন, মিস করবেন না
রাজ্যে চালু প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা, ১১ হাজার টাকা পাবেন কারা? জেনে নিন কীভাবে আবেদন করবেন?
মহিলাদের বাসে টিকিট কাটতে হবে না! জানুন, এই কার্ড থাকলেই দিঘা থেকে দার্জিলিং সফর ফ্রী তে
আপনার এলাকায় কি মিলবে ১২৫ দিনের কাজ? আজ থেকেই চালু নতুন প্রকল্প, জানুন কারা পাবেন এই সুবিধা

