নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: চলতি বছরে রাজ্যজুড়ে ৭ কোটি ২০ লক্ষ চারা গাছ রোপণের লক্ষ্য নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। অরণ্য সপ্তাহ উপলক্ষে বনদপ্তরের প্রস্তুতি বৈঠকে এই ঘোষণা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, বৃক্ষরোপণের ক্ষেত্রে এবার উত্তরপ্রদেশের সঙ্গেও প্রতিযোগিতায় নামতে চায় পশ্চিমবঙ্গ। একইসঙ্গে তিনি রাজ্যবাসীর উদ্দেশে আহ্বান জানান, “অরণ্য সপ্তাহ পালন করুন, আর নিজের মায়ের নামে অন্তত একটি করে গাছ লাগান।”
অরণ্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বনদপ্তরের নবনিযুক্ত মন্ত্রী মনোজ ওরাও-কে শুভেচ্ছা জানিয়ে বলেন, তিনি একজন দক্ষ ও অভিজ্ঞ জনপ্রতিনিধি। তাঁর নেতৃত্বে বনদপ্তর আরও এগিয়ে যাবে বলেই আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
তিনি জানান, বর্তমানে দ্রুত নগরায়ণের ফলে রাজ্যের বিভিন্ন এলাকায় কংক্রিটের বিস্তার বাড়ছে। তাই নতুন আবাসন, শিল্পপ্রতিষ্ঠান বা অন্য কোনও পরিকাঠামো তৈরির ক্ষেত্রে দুই-তৃতীয়াংশ জমিতে নির্মাণ এবং অন্তত এক-তৃতীয়াংশ এলাকায় সবুজায়নের ব্যবস্থা রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, উত্তরপ্রদেশে চলতি বছরে ২৬ কোটি চারা গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ তাঁর লোকসভা কেন্দ্র গুজরাটের গান্ধীনগরে ১ কোটি ২০ লক্ষ চারা গাছ রোপণের উদ্যোগ নিয়েছেন। সেই প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গও একটি বড় রাজ্য এবং বৃক্ষরোপণের ক্ষেত্রে উত্তরপ্রদেশের সঙ্গে প্রতিযোগিতা করার ক্ষমতা রাখে।
তিনি আরও জানান, নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরেও বিপুল সংখ্যক চারা গাছ বিতরণের পরিকল্পনা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী বিভিন্ন সামাজিক সংগঠন, শিল্পপ্রতিষ্ঠান এবং বেসরকারি সংস্থাকে এই সবুজায়ন অভিযানে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি জানান, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি) এ বছর ১০ লক্ষ গাছ লাগানোর প্রতিশ্রুতি দিয়েছে।
তবে শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ নয় বলেও সতর্ক করেন তিনি। নিজের প্রশাসনিক অভিজ্ঞতার কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, অন্তত দু’বছর ধরে গাছের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। তাহলেই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবে সফল হবে।
শেষে তিনি বলেন, দূষণমুক্ত ও পরিবেশবান্ধব পশ্চিমবঙ্গ গড়ে তুলতে সকলকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। অরণ্য সপ্তাহ উপলক্ষে রাজ্যজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচিকে আরও জোরদার করার নির্দেশও দেন তিনি।
#WestBengal #TreePlantation #ForestWeek #ShubhenduAdhikari #GreenInitiative #Afforestation #Environment #PlantationDrive #SaveTrees #GoGreen

