WBCS Current Affairs Preparation Guide: ডাবলুবিসিএস পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স কেন গুরুত্বপূর্ণ অংশ, প্রিলিমস ও মেনস পরীক্ষায় এখান থেকে কীভাবে নিয়মিত প্রশ্ন আসে? সঠিক পরিকল্পনা মেনে কারেন্ট অ্যাফেয়ার্স প্রস্তুতির সম্পূর্ণ গাইড।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গের প্রশাসনিক পরিষেবায় প্রবেশ করার স্বপ্ন দেখেন হাজার হাজার পরীক্ষার্থী। সেই স্বপ্ন পূরণের অন্যতম বড় দরজা হল ডাবলুবিসিএস (WBCS) পরীক্ষা। রাজ্যের প্রশাসনিক কাঠামোর সর্বোচ্চ ও অন্যতম মর্যাদাপূর্ণ এই পরীক্ষার মাধ্যমে বিডিও সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হয়। তাই স্বাভাবিকভাবেই এই পরীক্ষার প্রতিযোগিতা অত্যন্ত কঠিন এবং প্রস্তুতিও হতে হয় পরিকল্পিত।
ডাবলুবিসিএস পরীক্ষার তিনটি ধাপ রয়েছে— প্রিলিমিনারি, মেইনস এবং ইন্টারভিউ। এই তিনটি ধাপের প্রতিটিতেই সাধারণ জ্ঞানের পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রিলিমস এবং মেইনস পরীক্ষায় বর্তমান সময়ের ঘটনা, জাতীয় ও আন্তর্জাতিক বিষয়, সরকারি প্রকল্প, অর্থনীতি, বিজ্ঞান বা পরিবেশ—এই সবকিছু থেকেই প্রশ্ন আসে। প্রিলিমস পরীক্ষায় যেখানে জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে প্রায় ২৫ নম্বরের প্রশ্ন থাকে, সেখানে সঠিক প্রস্তুতি থাকলে এই অংশ থেকেই অনেক নম্বর তোলা সম্ভব। কিন্তু বাস্তবে দেখা যায়, অনেক পরীক্ষার্থীই বুঝে উঠতে পারেন না— কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ঠিক কী পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে বা কতদিনের কারেন্ট অ্যাফেয়ার্স পড়া উচিত।
তাই আজকের এই প্রতিবেদনে থাকছে ডাবলুবিসিএস পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স প্রস্তুতির একটি সম্পূর্ণ গাইড ও রোডম্যাপ।
আরও পড়ুন : WBCS অধরা স্বপ্ন নয় │ পরিকল্পনা সফলতার মূল মন্ত্র
কারেন্ট অ্যাফেয়ার্সে কোন কোন টপিক পড়া জরুরি?
প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, ডাবলুবিসিএস পরীক্ষায় মূলত সাম্প্রতিক ঘটনাগুলোর উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। সাধারণত বিগত এক বছর থেকে দেড় বছরের গুরুত্বপূর্ণ ঘটনা ভালোভাবে পড়ে রাখলে সেখান থেকেই অনেক প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। তবে শুধু খবর পড়লেই হবে না, বরং কোন কোন বিষয় থেকে বেশি প্রশ্ন আসে তা জানা থাকাও খুব জরুরি। তাই পরীক্ষার্থীদের জন্য নিচে কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হল।
সাম্প্রতিক সরকারি প্রকল্প
ডাবলুবিসিএস পরীক্ষায় প্রায়ই কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প থেকে প্রশ্ন আসে। সাম্প্রতিক সময়ে চালু হওয়া কল্যাণমূলক প্রকল্প, উন্নয়নমূলক প্রকল্প এবং সামাজিক নিরাপত্তা প্রকল্প সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা দরকার।
পরীক্ষার্থীদের বিশেষভাবে নজর রাখতে হবে—
- কেন্দ্র সরকারের নতুন প্রকল্প
- পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প
- শিক্ষা, স্বাস্থ্য, কৃষি বা সামাজিক উন্নয়ন সংক্রান্ত উদ্যোগ
প্রশ্ন অনেক সময় সরাসরি আসে—কোন প্রকল্প কোন মন্ত্রক চালু করেছে, কোন রাজ্যে শুরু হয়েছে অথবা প্রকল্পটির মূল উদ্দেশ্য কী।
আন্তর্জাতিক সংস্থা ও তাদের কাঠামো
কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত, সদস্য দেশ কতগুলি এবং সংস্থার মূল কাজ কী—এই বিষয়গুলো ভালোভাবে জানা দরকার।
বিশেষভাবে যেসব সংস্থা সম্পর্কে পড়া জরুরি—
- জাতিসংঘ
- জি টুয়েন্টি
- জি সেভেন
- ব্রিকস
এই সংস্থাগুলির সদস্য দেশ, প্রতিষ্ঠার উদ্দেশ্য, গুরুত্বপূর্ণ বৈঠক বা সম্মেলন—এসব বিষয় থেকেও প্রশ্ন আসতে পারে।
পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন
বর্তমান সময়ে পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন একটি বড় আন্তর্জাতিক ইস্যু। তাই বিভিন্ন পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা থাকে।
বিশেষ করে জানতে হবে—
- সাম্প্রতিক পরিবেশ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে
- কোন দেশ আয়োজন করেছে
- সেই সম্মেলনের প্রধান সিদ্ধান্ত কী
এই ধরনের প্রশ্ন প্রিলিমস এবং মেইনস—দুই ক্ষেত্রেই দেখা যায়।
বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা
কারেন্ট অ্যাফেয়ার্সে মাঝে মাঝে বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার নাম থেকেও প্রশ্ন আসে। যেমন—কোন দেশের গোয়েন্দা সংস্থার নাম কী এবং তাদের কাজ কী ধরনের। যদিও এই বিষয়টি তুলনামূলকভাবে ছোট, কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে এগুলো পড়ে রাখা উচিত।
গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও জাতীয় পুরস্কার
কারেন্ট অ্যাফেয়ার্সের আরেকটি বড় অংশ হল বিভিন্ন আন্তর্জাতিক এবং জাতীয় পুরস্কার।
বিশেষভাবে যে পুরস্কারগুলো গুরুত্বপূর্ণ—
নোবেল পুরস্কার
নোবেল পুরস্কার কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কারগুলোর একটি। পরীক্ষার্থীদের বিশেষভাবে পড়তে হবে—
- শান্তিতে নোবেল
- চিকিৎসাবিজ্ঞানে নোবেল
- পদার্থবিজ্ঞানে নোবেল
- অর্থনীতিতে নোবেল
কে এই পুরস্কার পাচ্ছেন, তারা কোন দেশের নাগরিক এবং কোন গবেষণার জন্য পুরস্কার পাচ্ছেন—এই বিষয়গুলো বিস্তারিতভাবে জানা দরকার।
সিনেমা জগতের পুরস্কার
চলচ্চিত্র জগতের বড় পুরস্কারগুলোর মধ্যেও প্রশ্ন আসতে পারে।
বিশেষ করে জানতে হবে—
- অস্কার পুরস্কার
- সেরা পরিচালক
- সেরা অভিনেতা
- সেরা অভিনেত্রী
ভারতের ক্ষেত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার সম্পর্কেও একইভাবে জানতে হবে—সেরা পরিচালক, সেরা অভিনেতা এবং সেরা অভিনেত্রী কারা।
বিজ্ঞান ও প্রযুক্তি
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়টি এখনকার কারেন্ট অ্যাফেয়ার্সের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে।
তাই পরীক্ষার্থীদের পড়ে রাখা দরকার—
- কৃত্রিম বুদ্ধিমত্তা
- নতুন প্রযুক্তি
- মহাকাশ গবেষণা
- চিকিৎসাবিজ্ঞানের নতুন আবিষ্কার
এই বিষয়গুলো থেকে সরাসরি বা পরোক্ষভাবে প্রশ্ন আসতে পারে।
কম্পিউটার ও প্রযুক্তিগত জ্ঞান
বর্তমান যুগে কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞানও গুরুত্বপূর্ণ। যেমন—
- কম্পিউটারের বিভিন্ন শর্টকাট কী
- ওয়ার্ড এবং এক্সেল সফটওয়্যারের ব্যবহার
- সাধারণ প্রযুক্তিগত শব্দ
এই ধরনের প্রশ্নও মাঝে মাঝে পরীক্ষায় দেখা যায়।
আন্তর্জাতিক ও জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা (WBCS Current Affairs Preparation Guide)
কারেন্ট অ্যাফেয়ার্সে খেলাধুলা একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। শুধু ক্রিকেট নয়, বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকেও প্রশ্ন আসে।
বিশেষভাবে পড়তে হবে—
- অস্ট্রেলিয়ান ওপেন
- ফ্রেঞ্চ ওপেন
- ইউ এস ওপেন
এই প্রতিযোগিতাগুলিতে সিঙ্গলস এবং ডাবলস বিভাগে কারা জিতেছেন, তা জানা জরুরি। পুরুষ এবং নারী—দুই বিভাগেই এই তথ্য গুরুত্বপূর্ণ। এছাড়াও সাম্প্রতিক সময়ে ভারতীয় মহিলা ক্রিকেট দলের সাফল্যও গুরুত্বপূর্ণ। যেমন—
সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের মহিলা প্রতিযোগিতায় ভারতীয় মহিলা দল চ্যাম্পিয়ন হয়েছে।
তাই পরীক্ষার্থীদের জানতে হবে—
- ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক কে
- দলের প্রধান প্রশিক্ষক কে
এই ধরনের তথ্য থেকেও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে।
কারেন্ট অ্যাফেয়ার্সে দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং সাংবিধানিক পদে কে রয়েছেন তা জানা অত্যন্ত জরুরি। যেমন—
দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, রেলমন্ত্রী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রকের মন্ত্রীদের নাম জানা দরকার। অনেক সময় সরাসরি প্রশ্ন আসে—কোন মন্ত্রকের দায়িত্ব বর্তমানে কার হাতে রয়েছে। এর পাশাপাশি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদগুলির ক্ষেত্রেও স্পষ্ট ধারণা থাকা দরকার। যেমন—
- ভারতের রাষ্ট্রপতি
- ভারতের প্রধান বিচারপতি
- বিভিন্ন উচ্চ আদালতের প্রধান বিচারপতি
এই পদগুলিতে বর্তমানে কারা রয়েছেন, তা জানা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ভারতের প্রশাসনিক কাঠামো সম্পর্কিত কিছু মৌলিক তথ্যও কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে জড়িত। যেমন—
- বর্তমানে ভারতে মোট কতটি রাজ্য রয়েছে
- কতগুলি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে
এই তথ্যগুলো মাঝে মাঝেই পরীক্ষায় প্রশ্ন হিসেবে দেখা যায়।
এছাড়াও গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্থাগুলির প্রধানদের নাম জানা দরকার। যেমন—
- CAG বা ক্যাগ
- নীতি আয়োগের প্রধান নির্বাহী আধিকারিক
- ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারম্যান
- প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার প্রধান
এই সমস্ত সংস্থার প্রধানদের নাম কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ অংশ। দেশের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ পদগুলিও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ভারতের তিনটি প্রধান সামরিক বাহিনী রয়েছে—স্থলবাহিনী, নৌবাহিনী, বায়ুসেনা এই তিন বাহিনীর প্রধানদের নাম জানা জরুরি। অনেক সময় পরীক্ষায় সরাসরি প্রশ্ন আসে যে কোন বাহিনীর প্রধান কে। ভারতের বিভিন্ন দেশের সঙ্গে সামরিক সহযোগিতা এবং যৌথ সামরিক মহড়া থেকেও প্রশ্ন আসতে পারে। বিভিন্ন সময়ে দুই বা ততোধিক দেশের মধ্যে যে যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়, সেগুলোর নাম এবং কোন কোন দেশের মধ্যে সেই মহড়া অনুষ্ঠিত হয়েছে তা জানা গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রশ্ন সাম্প্রতিক আন্তর্জাতিক সম্পর্ক বোঝার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।
কারেন্ট অ্যাফেয়ার্সে বিভিন্ন আন্তর্জাতিক সূচক বা ইন্ডেক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা প্রতিবছর নানা সূচক প্রকাশ করে যেখানে বিভিন্ন দেশের অবস্থান উল্লেখ করা হয়। পরীক্ষার্থীদের বিশেষভাবে নজর রাখতে হবে— শান্তি সূচক, মানব উন্নয়ন সূচক, এই সূচকগুলিতে ভারত কততম স্থানে রয়েছে এবং কোন সংস্থা সেই সূচক প্রকাশ করে তা জানা দরকার। দেশের অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কিত তথ্যও কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ—অর্থনৈতিক সমীক্ষা, কেন্দ্রীয় বাজেট। এই প্রতিবেদনে দেশের অর্থনৈতিক অবস্থা, উন্নয়নের দিক এবং বিভিন্ন অর্থনৈতিক নীতির আলোচনা থাকে। তাই পরীক্ষার্থীদের এই বিষয়গুলো সম্পর্কে প্রাথমিক ধারণা থাকা জরুরি।
অনেক সময় পরীক্ষায় এমন প্রশ্ন আসে যেখানে সাম্প্রতিক সময়ে সংবাদ শিরোনামে থাকা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সম্পর্কে জানতে চাওয়া হয়। যেমন—কোন বিশিষ্ট ব্যক্তি সম্প্রতি মৃত্যুবরণ করেছেন, তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন, কেন তিনি গুরুত্বপূর্ণ। এছাড়াও যদি কেউ গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেন বা বিশেষ কারণে সংবাদে আসেন, তবে সেই বিষয়টিও জানা দরকার। কারেন্ট অ্যাফেয়ার্সে বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলন সম্পর্কেও প্রশ্ন আসতে পারে।
এছাড়াও সংসদে পাস হওয়া গুরুত্বপূর্ণ বিল, বিভিন্ন কমিশন এবং কমিটি, নতুন চালু হওয়া অ্যাপ বা ডিজিটাল উদ্যোগ—এই বিষয়গুলোও পড়ে রাখা উচিত। কারেন্ট অ্যাফেয়ার্সে আরও কিছু বিষয় রয়েছে যেগুলো অনেক সময় ছোট প্রশ্ন হিসেবে আসে। যেমন—সারা বছরের গুরুত্বপূর্ণ দিবস, গুরুত্বপূর্ণ বই এবং তাদের লেখক, জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য, বিভিন্ন সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর। এই তথ্যগুলো ছোট হলেও পরীক্ষায় নম্বর পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
ডাবলুবিসিএস পরীক্ষার কারেন্ট অ্যাফেয়ার্স প্রস্তুতির ক্ষেত্রে আন্তর্জাতিক বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। বর্তমান বিশ্বের রাজনীতি, যুদ্ধ, কূটনৈতিক সম্পর্ক এবং বিভিন্ন দেশের রাজনৈতিক পরিবর্তন—এই সমস্ত বিষয় থেকে প্রায়ই প্রশ্ন আসে। তাই পরীক্ষার্থীদের শুধু দেশের অভ্যন্তরীণ ঘটনা নয়, বরং আন্তর্জাতিক পরিস্থিতি সম্পর্কেও পরিষ্কার ধারণা রাখা দরকার। বিশ্বের বিভিন্ন অঞ্চলে যে যুদ্ধ বা সংঘাত ঘটে, সেগুলো প্রায়ই আন্তর্জাতিক রাজনীতির বড় ঘটনা হয়ে ওঠে। এই ধরনের যুদ্ধের কারণ, কোন কোন দেশ এর সঙ্গে যুক্ত, এবং সেই যুদ্ধের আন্তর্জাতিক প্রভাব—এই বিষয়গুলো জানা জরুরি।
বিশেষ করে সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য অঞ্চলে যে সংঘাত ও উত্তেজনা দেখা যাচ্ছে, সেই ঘটনাগুলোর পটভূমি সম্পর্কে ধারণা থাকা দরকার। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ইতিহাস, তাদের পারস্পরিক সম্পর্ক এবং রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে মৌলিক ধারণা পরীক্ষার্থীদের জানা জরুরি। কারেন্ট অ্যাফেয়ার্সে ভারতের বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভারত কোন দেশের সঙ্গে কী ধরনের সহযোগিতা করছে, কোন কোন দেশের সঙ্গে বাণিজ্য বা প্রতিরক্ষা চুক্তি হয়েছে—এই বিষয়গুলো নিয়মিত সংবাদে আসে এবং পরীক্ষায়ও প্রশ্ন হতে পারে।
কারেন্ট অ্যাফেয়ার্সে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং উচ্চপদস্থ রাজনৈতিক নেতাদের নামও গুরুত্বপূর্ণ। বিশেষ করে কোনো দেশে নতুন সরকার গঠিত হলে বা নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচিত হলে সেই খবরটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
পরীক্ষার্থীদের জানতে হবে—কোন দেশে নতুন রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, তিনি কোন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন, এই ধরনের তথ্য অনেক সময় আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কিত প্রশ্নের ক্ষেত্রে কাজে লাগে। বিশ্বের বিভিন্ন দেশে সংসদীয় ব্যবস্থা কীভাবে পরিচালিত হয়, সেই বিষয়েও সাধারণ ধারণা থাকা দরকার। যেমন—কোন দেশে সংসদের কাঠামো কেমন, নির্বাচন কীভাবে অনুষ্ঠিত হয়, সরকার গঠনের প্রক্রিয়া কী এই তথ্যগুলো আন্তর্জাতিক রাজনীতি বোঝার জন্য গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার ক্ষেত্রেও কাজে আসে।
কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে পড়বেন? (WBCS Current Affairs Preparation Guide)
ডাবলুবিসিএস পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স প্রস্তুতি নিতে গেলে শুধু কোন বিষয় পড়তে হবে তা জানলেই হয় না, পাশাপাশি কোথা থেকে পড়লে নির্ভুল ও উপকারী তথ্য পাওয়া যাবে সেটাও জানা জরুরি। বর্তমানে তথ্য পাওয়ার অনেক মাধ্যম রয়েছে। তবে পরীক্ষার্থীদের এমন উৎস বেছে নিতে হবে যেগুলো নিয়মিত আপডেট হয় এবং তথ্যের ক্ষেত্রে বিশ্বাসযোগ্য।
বর্তমানে অনেক শিক্ষামূলক ভিডিও মাধ্যম রয়েছে যেখানে অভিজ্ঞ শিক্ষকরা নিয়মিতভাবে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করেন। এই ধরনের ভিডিও মাধ্যম থেকে অনেক পরীক্ষার্থী সহজ ভাষায় গুরুত্বপূর্ণ বিষয়গুলো বুঝতে পারেন। তাই নিয়মিতভাবে নির্ভরযোগ্য শিক্ষামূলক ভিডিও দেখা কারেন্ট অ্যাফেয়ার্স প্রস্তুতিতে অনেক সাহায্য করতে পারে।
বাজারে বেশ কিছু ভালো প্রস্তুতিমূলক বই পাওয়া যায় যেগুলো বিশেষভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি করা হয়। এই ধরনের বইগুলোতে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়গুলো সংক্ষিপ্ত এবং পরীক্ষাভিত্তিকভাবে তুলে ধরা থাকে। তাই এই ধরনের নির্ভরযোগ্য বই থেকেও পড়াশোনা করা যেতে পারে।
ডাবলুবিসিএস পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স প্রস্তুতির জন্য (WBCS Current Affairs Preparation Guide) সঠিক বিষয় নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলোমেলোভাবে সব খবর পড়ার পরিবর্তে যদি পরীক্ষার্থীরা নির্দিষ্ট বিষয়গুলোকে লক্ষ্য করে পড়েন, তাহলে প্রস্তুতি অনেক বেশি কার্যকর হবে। সাধারণভাবে বলা যায়, বিগত এক বছর থেকে দেড় বছরের গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, সরকারি প্রকল্প, আন্তর্জাতিক সংস্থা, পুরস্কার, বিজ্ঞান ও প্রযুক্তি এবং খেলাধুলা—এই বিষয়গুলো ভালোভাবে পড়ে রাখলেই কারেন্ট অ্যাফেয়ার্স অংশে ভালো নম্বর পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। ডাবলুবিসিএসের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে হলে শুধু কঠোর পরিশ্রম করলেই হবে না, তার সঙ্গে দরকার সঠিক পরিকল্পনা এবং সঠিক প্রস্তুতি কৌশল। কারেন্ট অ্যাফেয়ার্স যদি নিয়মিত ও পরিকল্পিতভাবে পড়া যায়, তাহলে এই অংশ থেকেই পরীক্ষার্থীরা সহজেই বাড়তি নম্বর তুলে নিতে পারবেন—যা শেষ পর্যন্ত সাফল্যের পথ অনেকটাই সহজ করে দিতে পারে।
#WBCS #WBCSPreparation #WBCSCurrentAffairs #WBCSCurrentAffairsPreparationGuide #WBPSC #WBPSCExam #CivilServicePreparation
সাম্প্রতিক পোস্ট
- ঘরশত্রু বিভীষণ কি ইরানের সংকটের কারণ হল? আমেরিকা কোন বিশেষ বাহিনীকে ইরানের বিরুদ্ধে ব্যবহার করছে?
- বই পড়লে কি মন শান্ত হয়? জানুন, স্ট্রেস কমাতে কীভাবে এই বিশেষ থেরাপি কাজ করে
- গোলাপি মণীশ মলহোত্রা শাড়িতে নজর কাড়লেন সারা তেন্ডুলকর! অর্জুন-সানিয়ার রাজকীয় বিয়েতে চাঁদের হাট, জানুন অন্দরমহলের অজানা গল্প
- কে এই নতুন রাজ্যপাল আর. এন. রবি? জানুন তাঁকে নিয়ে তামিলনাড়ুর সমস্ত বিতর্ক ও যাবতীয় তথ্য
- কেন পদত্যাগ রাজ্যপাল সি ভি আনন্দ বোসের? কারণ জানলে চমকে উঠবেন!

