নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গে নতুন শিল্পনীতি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা জানালেন শুভেন্দু অধিকারী। বামফ্রন্ট ও তৃণমূল আমলের শিল্পনীতির সমালোচনা করে শিল্পে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্পপতিদের নিরাপত্তা নিশ্চিত করার উপর জোর দেন তিনি। শিল্পক্ষেত্রে তোলাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিয়ে তাঁর ঘোষণা, ‘তোলাবাজি হলে ফোন করুন, ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।’
শুভেন্দু অধিকারীর দাবি, পূর্ববর্তী তৃণমূল সরকারের আমলে শিল্প সম্মেলনের আয়োজন হলেও প্রত্যাশিত বিনিয়োগ আসেনি। সিন্ডিকেট ব্যবস্থা, তোলাবাজি এবং শিল্পের জন্য উপযুক্ত জমিনীতির অভাবকেই এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। শিল্পপতিদের আশ্বস্ত করে জানান, বাংলায় কোনও ধরনের তোলাবাজি কিংবা গুন্ডারাজ বরদাস্ত করা হবে না।
নতুন শিল্পনীতিতে জমি বরাদ্দের ক্ষেত্রেও পরিবর্তনের কথা জানানো হয়েছে। শিল্প স্থাপনের জন্য রাজ্য সরকার সরাসরি জমি কিনে নতুন জমি ভাণ্ডার তৈরি করার পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি অতীতে শিল্পের নামে জমি নিয়ে দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় ফেলে রাখা হলে সেই জমি ফেরত নেওয়ার ব্যবস্থার কথাও জানান শুভেন্দু।
কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে নতুন শিল্পপ্রতিষ্ঠানগুলিকে আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। কর্মচারী ভবিষ্যনিধিতে নিয়োগকর্তার প্রদেয় অংশে সরকারি সহায়তার পাশাপাশি মহিলা ও রূপান্তরকামী কর্মীদের নিয়োগে বিশেষ সুবিধার কথা তুলে ধরা হয়েছে। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানের ক্ষেত্রেও বিনিয়োগের পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তার ব্যবস্থা রাখার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়াও তফসিলি জাতি ও জনজাতিভুক্ত কর্মীদের কর্মসংস্থানে বিশেষ সুবিধা, বিদ্যুৎ শুল্কে ছাড় এবং পুনর্নবীকরণযোগ্য বিদ্যুতের নির্দিষ্ট চার্জ ২০৩০ সালের মার্চ পর্যন্ত মকুব করার প্রস্তাবের কথা জানানো হয়েছে।
অন্যদিকে, পূর্ববর্তী তৃণমূল সরকারের বিরুদ্ধে ২৪ হাজার কোটি টাকার বেশি অর্থ বিদেশে পাচারের অভিযোগও তোলেন শুভেন্দু অধিকারী। আগামী পাঁচ বছরের মধ্যে সেই অর্থ ফেরত আনার লক্ষ্য রয়েছে বলে দাবি করেন তিনি। পাশাপাশি রাজ্যের পাটশিল্পের দুরবস্থা এবং পূর্ববর্তী সরকারের জমিনীতি নিয়েও সরব হন।
শিল্পের জন্য জমি, নতুন বিনিয়োগ, কর্মসংস্থানে আর্থিক সহায়তা এবং তোলাবাজির অভিযোগে দ্রুত পদক্ষেপের আশ্বাসকে সামনে রেখে নতুন শিল্পনীতির পরিবর্তনগুলি তুলে ধরেন শুভেন্দু অধিকারী।
সাম্প্রতিক পোস্ট
নিয়োগ দুর্নীতি কি আগামী দিনে কমবে? জানুন, চাকরির নিয়মে এই পরিবর্তনে আসবে কি স্বচ্ছতা?
এক্সপোজড! ককরোচ জনতা পার্টির নেপথ্যে কোন চক্রান্তের গন্ধ? সত্যিটা জানলে চমকে উঠবেন
মহিলাদের বাসে টিকিট কাটতে হবে না! জানুন, এই কার্ড থাকলেই দিঘা থেকে দার্জিলিং সফর ফ্রী তে

