নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: আসন পুনর্বিন্যাস বিল নিয়ে বিতর্কের আবহে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার তীব্র ভাষায় আক্রমণ করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। মমতার মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা যখন তুঙ্গে, তখন তাঁকে কটাক্ষ করে শারদ্বতের মন্তব্য, “যিনি স্বচ্ছতায় বিশ্বাস করেন না, তাঁর কাছে সব কিছুই নোংরা।” শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেন, “বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন মমতা।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
শনিবার রাতে তড়িঘড়ি দিল্লি পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আসন পুনর্বিন্যাস বিলকে ‘গন্দা বিল’ বলে কটাক্ষ করেন তিনি। মমতার এই মন্তব্যের পরই তাঁর বিরুদ্ধে সরব হয় রাজ্য বিজেপি। বিজেপির তরফে তাঁকে মহিলা-বিরোধী বলেও আক্রমণ করা হয়। এই মন্তব্যের সমালোচনা করেন জুন মালিয়া এবং শতাব্দী রায়ও। সেই আবহেই এবার সরাসরি মমতাকে নিশানা করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।
‘যিনি স্বচ্ছতায় বিশ্বাস করেন না, তাঁর কাছে সব কিছুই নোংরা’
মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন পুনর্বিন্যাস বিলকে ‘গন্দা’ বলার প্রসঙ্গ তুলে শারদ্বত মুখোপাধ্যায় বলেন, যিনি পরিচ্ছন্নতা বা স্বচ্ছতায় বিশ্বাস করেন না, তাঁর কাছে প্রতিটি বিষয়ই নোংরা মনে হতে পারে। তাঁর বক্তব্য, “যিনি পরিচ্ছন্নতায় বিশ্বাসী নন, স্বচ্ছতায় বিশ্বাসী নন, তাঁর কাছে প্রত্যেকটা বিলই গন্দা। প্রত্যেকটা ভালো কাজই গন্দা।”
এখানেই থেমে থাকেননি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। মমতার রাজনৈতিক অবস্থান এবং দেশের বিভিন্ন শহরে তাঁর রাজনৈতিক কর্মসূচি নিয়েও কটাক্ষ করেন তিনি। শারদ্বতের দাবি, দিল্লির মানুষও মমতাকে প্রত্যাখ্যান করেছেন। তাই এখন তিনি মুম্বই ও চেন্নাইয়ে রাজনীতি করতে যাওয়ার চেষ্টা করছেন।
‘বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন মমতা’
প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে শারদ্বত মুখোপাধ্যায় বলেন, “আমার মনে হয়, ওঁর স্থান আগেও বলেছিলাম, এবারও বলব—প্রধানমন্ত্রী হবেন বাংলাদেশের। ওই একটা জায়গাতেই আছেন।”
এরপর তিনি আরও বলেন, রাষ্ট্রবিরোধীদের ভারতবর্ষে কোনও জায়গা নেই। ভারতের যে কোনও শহরে যাওয়ার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারেন, কিন্তু জনগণ তাঁকে গ্রহণ করবে না বলে দাবি করেন তিনি।
শারদ্বতের কথায়, “প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হোন, তবে বাংলাদেশের। আমাদের দেশে হওয়ার তো কোনও সুযোগ নেই।” এই মন্তব্যের মধ্য দিয়ে দেশের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে মমতাকে সরাসরি কটাক্ষ করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী।
আসন পুনর্বিন্যাস বিল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য থেকে শুরু হওয়া রাজনৈতিক বিতর্ক এবার নতুন মাত্রা পেল শারদ্বত মুখোপাধ্যায়ের এই আক্রমণে। মুখ্যমন্ত্রীর মন্তব্যের সমালোচনা, বিজেপির পাল্টা আক্রমণ এবং রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর কড়া কটাক্ষ— বিল ঘিরে রাজনৈতিক চাপানউতোর অব্যাহত।
আরও পড়ুন
RRB Clerk Prelims 2026: পরীক্ষার আগে এই ৫টি বিষয় দেখে নিন, কোন দিন আপনার পরীক্ষা?
বক্স অফিসে রেকর্ডের পথে রণবীরের ‘রামায়ণ’, OTT চুক্তি নিয়ে কী জানালেন প্রযোজক?
শেষ মুহূর্তে কেন চেন্নাইয়ে রাহুল-খাড়্গে, সঙ্গে সোনিয়া ও মমতা?
নাবালক বয়সে অপরাধ জগতে হাতেখড়ি! এনকাউন্টারে ধৃত প্রতাপ কোন অভিযোগে অভিযুক্ত?

