নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: দুর্গাপুরের সৃজনীতে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক থেকে পুলিশকে অপরাধ দমনে পূর্ণ স্বাধীনতা দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, পুলিশের গায়ে হাত তোলা হলে বা পুলিশকে আক্রমণ করা হলে আইন মেনে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারবে। এর মধ্যেই আসানসোলে পুলিশের গুলিতে জখম হলেন প্রায় ২৫ বছর বয়সি প্রতাপ দাস। পুলিশের দাবি, ছোটবেলা থেকেই অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন তিনি। চুরি দিয়ে শুরু, পরে ছিনতাই, আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা এবং সাম্প্রতিক সময়ে সাইবার প্রতারণার অভিযোগেও তাঁর নাম উঠে এসেছে।
সপ্তম শ্রেণি থেকেই অপরাধে জড়ানোর অভিযোগ
প্রতাপের ডাকনাম ‘প্যাঁও’। পুলিশের দাবি, সপ্তম শ্রেণিতে পড়ার সময় থেকেই চুরির ঘটনায় তাঁর নাম জড়ায়। অভিযোগ, সেই সময় একটি দোকানে চুরির ঘটনায় জড়িত থাকার কারণে তাঁকে কিশোর সংশোধনাগারেও থাকতে হয়েছিল। সেখান থেকে ফিরে আসার পরও অপরাধের জগৎ থেকে বেরিয়ে আসতে পারেননি তিনি।
পুলিশের দাবি, আসানসোল, সালানপুর, হীরাপুর, পুরুলিয়া-সহ বিভিন্ন থানায় প্রতাপের বিরুদ্ধে প্রায় ২০টি অভিযোগ রয়েছে। একাধিকবার গ্রেপ্তার হয়ে জেলেও গিয়েছেন তিনি। কিন্তু জামিনে বা জেল থেকে মুক্তি পাওয়ার পর আবারও অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
পেট্রোল পাম্পে গুলি চালানোর ঘটনায় নাম জড়ায় ২০২৩ সালে
প্রতাপের বিরুদ্ধে বড় অপরাধের অভিযোগ সামনে আসে ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর। সালানপুরের জেমারি সংলগ্ন একটি পেট্রোল পাম্পে গুলি চালানোর ঘটনায় তাঁর নাম জড়ায়। ওই ঘটনায় তাঁকে গ্রেপ্তারও করা হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর।
পরে জেল থেকে পালিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। সাম্প্রতিক সময়ে আবার সাইবার প্রতারণার ঘটনায় তাঁর নাম জড়ায়। পুলিশের একটি সূত্রের দাবি, বিয়ের সম্বন্ধ খোঁজার ওয়েবসাইটের আড়ালেও প্রতারণার কাজ চালানোর অভিযোগ রয়েছে প্রতাপের বিরুদ্ধে। যদিও এই অভিযোগগুলির বিস্তারিত তদন্তের বিষয়টি এখনও পুলিশের বক্তব্যের ভিত্তিতেই জানা যাচ্ছে।
কীভাবে পুলিশের গুলিতে জখম হলেন প্রতাপ?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় সাইবার প্রতারকদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। সেই অভিযানের সূত্রেই প্রতাপের খোঁজ চালাচ্ছিল পুলিশ। বৃহস্পতিবার রাত পর্যন্ত ব্যাপক তল্লাশি চালিয়েও তাঁর সন্ধান মেলেনি।
এরপর শুক্রবার সকাল প্রায় আটটা নাগাদ প্রতাপের খোঁজ পাওয়ার খবর আসে হীরাপুর থানায়। খবর পেয়ে এলাকায় পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। প্রায় দু’ঘণ্টা ধরে চলে তল্লাশি ও লুকোচুরি। পুলিশের দাবি, একসময় বাড়ির ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেন প্রতাপ। পুলিশ বাড়িতে ঢোকার চেষ্টা করলে তিনি গুলি চালান বলে অভিযোগ। পাল্টা গুলি চালায় পুলিশ। সেই গুলিতে প্রতাপের ডান পায়ে আঘাত লাগে।
বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রতাপের বিরুদ্ধে ওঠা পুরনো অভিযোগ এবং সাম্প্রতিক সাইবার প্রতারণার অভিযোগ—দুই দিকই খতিয়ে দেখা হচ্ছে।
সাম্প্রতিক পোস্ট
“আমি মাথা নত করার ছেলে নই”- শোকজের পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী জানালেন
সিপিএম ধর্ম পালন করতে দিত না, দাবি মুখ্যমন্ত্রীর
পর্যটনে ডিজিটাল পরিকল্পনা! এক ক্লিকেই বুকিং থেকে পেমেন্ট, সব জানাবে নতুন পোর্টাল
কিডনি ভালো রাখতে দিনে কতটা জল পান করা উচিত? অতিরিক্ত জলও হতে পারে বিপদ, জানুন চিকিৎসকদের পরামর্শ!

