Mamata Banerjee Warning Kalighat Clash: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ঘিরে কালীঘাটে রাজনৈতিক অশান্তির পর ঘটনাস্থলে পৌঁছে বিজেপির বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায়।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ঘিরে কালীঘাটে তৃণমূল ও বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের অভিযোগে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি। সেই ঘটনার পর শনিবার সকালে অভিষেকের বাড়ির সামনে পৌঁছলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির বিরুদ্ধে জুলুমবাজির অভিযোগ তোলেন তিনি। পাশাপাশি কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও একাধিক প্রশ্ন তোলেন।
উল্লেখ্য, শুক্রবার গভীর রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উদ্যাপনকে কেন্দ্র করে তাঁর বাড়ির সামনে ভিড় জমান তৃণমূল কর্মী-সমর্থকেরা। অভিযোগ, রাত প্রায় দুটো নাগাদ ওই রাস্তা দিয়ে প্রতিমা নিয়ে যাওয়াকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের সঙ্গে বচসা শুরু হয়। পরিস্থিতি হাতাহাতি পর্যন্ত গড়ায় বলে অভিযোগ। এরপর বাড়ির বাইরে বেরিয়ে আসেন অভিষেক। পুলিশের সঙ্গে তাঁরও উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরবর্তী সময়ে এলাকায় ১৬৩ ধারার নিষেধাজ্ঞা কার্যকর করে পুলিশ।
এই ঘটনার পর অভিষেকের বাড়ির সামনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এত জুলুম চলছে! সাহস থাকলে আমার শরীরের উপর দিয়ে বুলডোজার চালান। আমি দেখতে চাই। আমি নিজে এখানে এসেছি।”
বিজেপিকে আক্রমণ করে তিনি আরও বলেন, “আপনাকে হামলা করার অধিকার কে দিয়েছে? তার মানে কি দেশে সংবিধান নেই? গণতন্ত্র নেই? গণতন্ত্র যদি থাকত, তাহলে কি আপনারা এই কথা বলতেন?”
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মমতা বলেন, “লোকজন ঢুকবে কী করে? পুলিশের দেখা উচিত, রাস্তা পরিষ্কার রাখা। কেন এত পুলিশ এখানে দাঁড়িয়ে আছে? এর উদ্দেশ্য কী?”
পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ থাকার বার্তা দিয়ে তাঁর মন্তব্য, “ওঁরা দুর্ব্যবহার করছেন। নিজেদের ভগবান মনে করছেন। ব্যক্তিগতভাবে আমার কারও সঙ্গে কোনও সমস্যা নেই। কিন্তু নিরপেক্ষতা বজায় রাখতে হবে।”
এখানেই থামেননি মমতা। পুলিশের একাংশের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি হুঁশিয়ারি দেন, “যখন বাড়াবাড়ি হয়ে যায়, সীমা ছাড়িয়ে যায়, তখন মনে রাখবেন পরিস্থিতি অন্যরকম হয়ে যায়। এর জন্য দরকার হলে আমি নিজে সর্বোচ্চ আদালতে গিয়ে দাঁড়াব।”
পাশাপাশি বিজেপির নেতৃত্বের একাংশের বিরুদ্ধে অর্থের জোরে রাজনৈতিক অশান্তি তৈরির অভিযোগও তোলেন তিনি। তবে বিজেপির সব কর্মীকে দোষারোপ করছেন না বলেও জানান মমতা।
অভিষেকের বাড়ির সামনে অশান্তির ঘটনাকে কেন্দ্র করে মমতার এই বক্তব্যে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বিজেপির বিরুদ্ধে অভিযোগের পাশাপাশি পুলিশের নিরপেক্ষতা এবং প্রশাসনিক ভূমিকা নিয়েও সরব হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
সাম্প্রতিক পোস্ট
নিয়োগ দুর্নীতি কি আগামী দিনে কমবে? জানুন, চাকরির নিয়মে এই পরিবর্তনে আসবে কি স্বচ্ছতা?
এক্সপোজড! ককরোচ জনতা পার্টির নেপথ্যে কোন চক্রান্তের গন্ধ? সত্যিটা জানলে চমকে উঠবেন
মহিলাদের বাসে টিকিট কাটতে হবে না! জানুন, এই কার্ড থাকলেই দিঘা থেকে দার্জিলিং সফর ফ্রী তে

