Primary Teacher TET Rule: সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, ২০২৮ সালের মধ্যে সমস্ত কর্মরত প্রাথমিক শিক্ষককে টেট পাশ করতেই হবে। পশ্চিমবঙ্গের প্রায় এক লক্ষ শিক্ষকসহ সারা দেশের লক্ষ লক্ষ শিক্ষকের উপর প্রভাব ফেলবে এই গুরুত্বপূর্ণ নির্দেশ।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: দেশ জুড়ে কর্মরত সমস্ত প্রাথমিক শিক্ষকদের জন্য বড় নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। যাঁরা এখনও শিক্ষক যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হননি, তাঁদের নির্দিষ্ট সময়ের মধ্যেই সেই পরীক্ষা পাশ করতে হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে শিক্ষকদের কিছুটা স্বস্তি দিয়ে সময়সীমা এক বছর বাড়িয়ে দেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গে এমন প্রায় এক লক্ষ প্রাথমিক শিক্ষক রয়েছেন, যাঁরা শিক্ষক যোগ্যতা পরীক্ষা বাধ্যতামূলক হওয়ার আগেই চাকরিতে যোগ দিয়েছিলেন। ফলে তাঁদের নিয়োগের সময় এই পরীক্ষায় পাশ করা বাধ্যতামূলক ছিল না। সারা দেশে এই সংখ্যাটা প্রায় তিরিশ লক্ষ বলে জানা গিয়েছে।
এর আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, দেশের সমস্ত কর্মরত প্রাথমিক শিক্ষককে যোগ্যতা যাচাইয়ের পরীক্ষায় বসতে হবে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রথমে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল ২০২৭ সালের ৩১ অগস্ট পর্যন্ত। এবার সেই সময়সীমা আরও এক বছর বাড়িয়ে ২০২৮ সালের ৩১ অগস্ট করা হয়েছে।
সুপ্রিম কোর্টে এই নির্দেশের বিরুদ্ধে একাধিক পুনর্বিবেচনার আবেদন জমা পড়েছিল। আবেদনকারীদের দাবি ছিল, বহু বছর ধরে যাঁরা পড়াচ্ছেন তাঁদের নতুন করে যোগ্যতা পরীক্ষায় বসার ক্ষেত্রে ছাড় দেওয়া হোক। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, সকলকেই যোগ্যতা যাচাইয়ের পরীক্ষায় বসতে হবে।
আদালতের বক্তব্য, প্রাথমিক শিক্ষার মান বজায় রাখতে শিক্ষকতার জন্য নির্ধারিত যোগ্যতা অর্জন করা বাধ্যতামূলক। তাই দীর্ঘদিন কর্মরত থাকলেও কাউকে এই নিয়মের বাইরে রাখা যাবে না। ফলে আগামী ২০২৮ সালের ৩১ অগস্টের মধ্যে দেশের সমস্ত কর্মরত প্রাথমিক শিক্ষককে শিক্ষক যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
#PrimaryTeacher #TETRule #SupremeCourt #WestBengalTeachers #TeacherEligibilityTest #EducationNews #IndiaNews
সাম্প্রতিক পোস্ট
নিয়োগ দুর্নীতি কি আগামী দিনে কমবে? জানুন, চাকরির নিয়মে এই পরিবর্তনে আসবে কি স্বচ্ছতা?
এক্সপোজড! ককরোচ জনতা পার্টির নেপথ্যে কোন চক্রান্তের গন্ধ? সত্যিটা জানলে চমকে উঠবেন
মহিলাদের বাসে টিকিট কাটতে হবে না! জানুন, এই কার্ড থাকলেই দিঘা থেকে দার্জিলিং সফর ফ্রী তে
কলেজে ভর্তি নিয়ে বড় খবর, এক নজরে দেখে নিন স্নাতকে ভর্তির আবেদন কবে থেকে?

