RailOne App Digital Ticket Rules: ডিজিটাল আনরিজার্ভড টিকিট ব্যবহারে নতুন নিয়ম জারি করেছে ভারতীয় রেল। এবার থেকে রেলওয়ান অ্যাপে থাকা মূল ডিজিটাল টিকিটই বৈধ বলে গণ্য হবে। স্ক্রিনশট, ছবি, পিডিএফ বা হোয়াটসঅ্যাপে পাঠানো টিকিট দেখালে জরিমানার মুখে পড়তে হতে পারে।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: রেলের আনরিজার্ভড ডিজিটাল টিকিট ব্যবহারকারীদের জন্য বড় নিয়ম পরিবর্তন আনল ভারতীয় রেল। এবার থেকে রেলওয়ান অ্যাপ-এ কাটা অরিজিনাল ডিজিটাল টিকিটই শুধুমাত্র বৈধ হিসেবে গণ্য হবে। টিকিটের স্ক্রিনশট, ছবি, পিডিএফ কপি বা হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করা কপি কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না বলে স্পষ্ট জানিয়েছে রেল কর্তৃপক্ষ। ডিজিটাল টিকিটের অপব্যবহার রোধ করতেই এই নিয়ম আরও কঠোরভাবে কার্যকর করা হচ্ছে।
রেলের নির্দেশিকা অনুযায়ী, যে মোবাইল ফোন এবং মোবাইল নম্বর ব্যবহার করে টিকিট বুক করা হবে, যাত্রার সময় সেই মোবাইলেই অরিজিনাল ডিজিটাল টিকিট দেখাতে হবে। অন্য কোনো ডিভাইসে সংরক্ষিত স্ক্রিনশট বা ফরওয়ার্ড করা টিকিট দেখালে তা বৈধ বলে ধরা হবে না।
সম্প্রতি কোরবা–বিশাখাপত্তনম লিঙ্ক এক্সপ্রেস (ট্রেন নম্বর ১৮৫১৭)-এ এমনই একটি ঘটনা সামনে আসে। কোরবা থেকে রায়পুরগামী এক মহিলা যাত্রী টিকিট পরীক্ষকের কাছে হোয়াটসঅ্যাপে পাওয়া একটি টিকিটের স্ক্রিনশট দেখান। তিনি জানান, তাঁর ভাই রেলওয়ান অ্যাপ থেকে টিকিট কেটে সেটির স্ক্রিনশট তাঁকে পাঠিয়েছিলেন।
তদন্তে জানা যায়, টিকিটটি বিকেল ৪টা ৪৫ মিনিটে বুক করা হয়েছিল, অথচ ট্রেনটি বিকেল ৪টা ১০ মিনিটেই কোরবা স্টেশন ছেড়ে যায়। এছাড়া টিকিটটি যাত্রীর নিজের মোবাইল নম্বর বা ডিভাইসেও ছিল না। ফলে টিকিট পরীক্ষক সেটিকে অবৈধ ঘোষণা করেন এবং রেলের নিয়ম অনুযায়ী জরিমানা করেন।
রেল আরও জানিয়েছে, ডিজিটাল আনরিজার্ভড টিকিট অবশ্যই ট্রেন ছাড়ার আগে বুক করতে হবে। ট্রেন স্টেশন ছেড়ে যাওয়ার পরে টিকিট বুক করা হলে, সেটি অ্যাপে দেখা গেলেও বৈধ হিসেবে গণ্য হবে না।
রেল যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা
- যে মোবাইল ফোনে রেলওয়ান অ্যাপ থেকে টিকিট বুক করা হয়েছে, সেই ফোনেই টিকিট থাকতে হবে।
- যাত্রার সময় মোবাইল ফোনে পর্যাপ্ত চার্জ রাখুন।
- যাত্রার আগে স্টেশন, তারিখ ও অন্যান্য তথ্য ভালোভাবে মিলিয়ে নিন।
- স্ক্রিনশট, ছবি, পিডিএফ বা হোয়াটসঅ্যাপে পাঠানো টিকিটের উপর নির্ভর করবেন না।
- অরিজিনাল ডিজিটাল টিকিট দেখাতে না পারলে বা টিকিটে কোনো অসঙ্গতি থাকলে বড় অঙ্কের জরিমানা গুনতে হতে পারে।
রায়পুর ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার জানিয়েছেন, রেলওয়ান অ্যাপে ডিজিটাল আনরিজার্ভড টিকিট ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও নিরাপদ করতেই এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। তাই যাত্রীদের যাত্রার আগে অবশ্যই অরিজিনাল ডিজিটাল টিকিট নিজের মোবাইল ফোনে সংরক্ষিত রয়েছে কি না, তা নিশ্চিত করে নেওয়ার পরামর্শ দিয়েছে রেল।
#RailOneApp #IndianRailways #DigitalTicket #UnreservedTicket #RailwayRules #TrainTravel #RailwayUpdate #PassengerAlert #TravelNews
সাম্প্রতিক পোস্ট
রাত পেরিয়েও অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা এল না? এবার কী করতে হবে জেনে নিন, মিস করবেন না
রাজ্যে চালু প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা, ১১ হাজার টাকা পাবেন কারা? জেনে নিন কীভাবে আবেদন করবেন?
মহিলাদের বাসে টিকিট কাটতে হবে না! জানুন, এই কার্ড থাকলেই দিঘা থেকে দার্জিলিং সফর ফ্রী তে
আপনার এলাকায় কি মিলবে ১২৫ দিনের কাজ? আজ থেকেই চালু নতুন প্রকল্প, জানুন কারা পাবেন এই সুবিধা
রাতভর খোলা থাকবে দোকান! জানলে অবাক হবেন বদলে যাচ্ছে কলকাতার চেনা ছবি, নতুন নিয়মে চমক

