Umbrella: রঙচটা প্রাচীরের দেওয়াল ঘেঁষে টুপ করে সন্ধ্যা নামে। হামাগুড়ি দিয়ে অন্ধকার ঢোকে আমাদের বেডরুমে। যৌনতায় মিশে থাকে জীবনের টানাপোড়েন। ক্লাসিফাইড বিজ্ঞাপনে ভরসা খুঁজতে থাকে মধ্যবিত্ত মন। চৌকাঠের চিহ্ন রেখে যায় বদলে যাওয়া সময়, আর না বদলানো কিছু মানসিকতা দরজায় খিল দিয়ে দিনবদলের স্বপ্ন দেখে। আজকের কথকতায় জমে থাক ‘জীবনের ঘূর্ণিপাক‘। লিখছেন প্রাণকৃষ্ণ ঘোষ।
যারা বৃষ্টিতে ভিজেছিল আর যারা একটু পরে বৃষ্টি নামলেই ভিজবে-তাদের মধ্যে বেসিক কোনো পার্থক্য নেই, সময়ের জ্ঞান ছাড়া। ভেজা – না ভেজার মাঝখানে ঢাল হয়ে অবস্থান করেন যে ভদ্রলোক তাকে আমরা ছাতা নামে চিনি। শীত, গ্রীষ্ম, বর্ষা যাই হোক না কেন মোটামুটি ভাবে ইনিই ভরসা। পাল হোক বা দত্ত সকলেই চেয়ে থাকেন এনার দিকেই।
ছাতা শব্দটি উচ্চারণ খুব সহজে করা গেলেও এর ব্যপ্তি বিশাল। রোদ হোক বা বৃষ্টি আপনাকে প্রোটেক্ট করার জন্য এর ভূমিকাও অপরিসীম। এহেন ছাতা ছাড়া জীবন কাটানো যেমন অসম্ভব তেমনি সমগ্র জীবনে বেশ কয়েকবার ছাতা না হারালে আপনি রক্ত মাংসের মানুষ কিনা কালটিভেট করতে হচ্ছে মশাই। জীবনে একবারও ছাতা হারিয়ে ফেলেননি এরকম মানুষ খুঁজে পাওয়া গেলে তাঁকে একবার দূর থেকে হলেও নমস্কার করুন। একবার ও ছাতা না হারিয়ে বছরের পর বছর চালিয়ে যাওয়া মানে উনি সবই পারবেন। কারণ ওনার ফোকাস কোনোদিন নষ্ট হবে না, যাই হোক না কেন। উনি অফিস টাইমের বনগাঁ লোকালে একটা জানলার ধারের সিট বাগিয়ে নিতে পারবেন, উনি মা আর বউ দুজনকেই সমান সন্তুষ্ট রাখতে পারবেন, সকালে বাবার সঙ্গে সাড়ে চুয়াত্তর দেখার পর রাতে বউ এর সঙ্গে হান্ড্রেড পারসেন্ট লাভ দেখতে পারবেন ;আবার অফিসে দেরিতে ঢুকেও আগে বেরিয়ে আসতে পারবেন। উনি এত সব কিছু পারবেন তার কারণ উনি জানেন হাউ টু কনসেনট্রেট। এ তো গেল ভালো দিক।
আবার সব নষ্ট বা কষ্টর মূলে এই ছাতার মাথা ছাতাটা। ধরুন চূড়ান্ত রোদ হোক বা দুরন্ত বৃষ্টি – আপনাকে বিপদের হাত থেকে রক্ষা করবে ঐ ছাতাটাই। কখনও সে আপনাকে আগলে রাখবে বাবার মতো, কখনও জড়িয়ে রাখবে প্রেমিকার মতো, কখনও পথ দেখাবে বন্ধুর মতো, কখনও ছুঁয়ে থাকবে মায়ের মতো।
বাহ্যিক দিক থেকেও ছাতা বেশ কয়েক রকমের। ছোট ছাতা-বড় ছাতা, কালো ছাতা – প্রিন্টেড ছাতা, ফোল্ডিং ছাতা – ঢাউস ছাতা, শৌখিন ছাতা-বিজ্ঞাপনি ছাতা ইত্যাদি ইত্যাদি। ছাতা এমন একটা জিনিস যা আপনার ব্যাগে থাকলে আপনার কনফিডেন্স দশগুন বেড়ে যাবে। না থাকলে আপনি কাজে উৎসাহ হারাবেন। আপনি যেদিন ব্যাগে পরিপাটি করে গুছিয়ে ছাতা নিয়ে বেরোবেন সেদিন বৃষ্টি হবে না। পরের দিন ও ব্যাগের কোণায় ছাতাটা থাকবে, বৃষ্টি সেদিনও আপনাকে মুখ দেখাবে না। পরের দিন গুরুত্বপূর্ণ ফাইল ব্যাগে ভরতে গিয়ে ছাতাটাকে বের করে রাখবেন। সেদিন যাবার পথে টের পাবেন চিড়বিড়ে রোদ। সেদিন ফেরার পথে অবধারিত ভাবে বৃষ্টি আপনাকে সঙ্গ দেবে।
আসলে আসা যাওয়ার মাঝে যে সূক্ষ্ম রেখা তৈরি হয় তেমনি ছাতা ক্যারি করা না করার মাঝেও তৈরি হয় একাত্মতা। এক ছাতার তলায় থাকতে থাকতে হঠাৎ আমরা একদিন সিদ্ধান্ত নিয়ে ফেলি এক ছাদের তলায় থাকবো। সেই মোতাবেক কাগজ, কলম, সমাজ, পরিস্থিতি সাজিয়ে নিয়ে থাকতে শুরু করে দিই। থাকি। যাপন করি। রোদ মাখি একসঙ্গে। ছায়া মাখি। কখনও মেখে নিই সুখ। আবার বৃষ্টিতে ভিজি একসঙ্গে। চোখেও বৃষ্টি নামে। জড়িয়ে ধরি চিবুক।
#Umbrella #UmbrellaCulture #BengaliUmbrella #Monsoon #RainySeason #BengaliLifestyle #BengaliCulture #EverydayLife #RainProtection #Newsoffbeat
সাম্প্রতিক পোস্ট
স্কুলের শৌচাগারে সাপ! নামী বেসরকারি স্কুলের নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন, কী বলছে কর্তৃপক্ষ
নিউ মার্কেটের অগ্নিকাণ্ডের নেপথ্যে আসল কারণ কী? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য
অভিজিৎ দীপকে কি তবে এবার বিজেপিতে? রাজনৈতিক প্রস্তাব ঘিরে তুঙ্গে জল্পনা
ঋতব্রতই বিরোধী দলনেতা, হাইকোর্টের বড় পর্যবেক্ষণ, কালীঘাটপন্থী তৃণমূলের পদক্ষেপ কী?

