নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: রাজ্যের বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান এবং আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে একাধিক প্রকল্প ও পরিকল্পনার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিতে আর্থিক সহায়তা, বেসরকারি সংস্থায় কর্মসংস্থানের সুযোগ এবং চাকরি না পাওয়া পর্যন্ত বেকার যুবক-যুবতীদের আর্থিক সাহায্যের মতো একাধিক উদ্যোগের কথা জানালেন তিনি। আজ পশ্চিম মেদিনীপুরের এক অনুষ্ঠানে যোগ দিয়ে এই ঘোষণাগুলি করেন মুখ্যমন্ত্রী।
আগামী ৯ মে ২০২৭-এর আগে রাজ্যে অন্তত এক লক্ষ সরকারি চাকরিতে নিয়োগ করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। সেই লক্ষ্য সামনে রেখে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। আগামী দিনে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হবে এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা হবে বলেও জানিয়েছেন তিনি।
নিয়োগ প্রক্রিয়াকে দুর্নীতিমুক্ত করতে পাবলিক সার্ভিস কমিশনে দুষ্মন্ত নারিওয়াল, আইআইএমের অধ্যাপক এবং মঠ, মিশনের মহারাজদের প্রতিনিধিত্ব রাখা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। নিয়োগের জটিলতা প্রসঙ্গে তাঁর বক্তব্য, আগে সরকার ক্ষমতায় ফিরলে নতুন করে কোনও চাকরি হতো না। তাঁর অভিযোগ, নির্দিষ্ট একটি সম্প্রদায়ের সকলকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা থেকেই নিয়োগ সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছিল।
সরকারি চাকরির পরীক্ষায় আবেদনকারীদের জন্য বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এবার থেকে সরকারি চাকরির পরীক্ষায় আবেদন করতে আর কোনও ফি দিতে হবে না বলে জানিয়েছেন তিনি। শীঘ্রই এই সিদ্ধান্ত কার্যকর করার পরিকল্পনা রয়েছে। তাঁর বক্তব্য, পিএসসির ক্লার্কশিপ পরীক্ষায় প্রায় সাড়ে আট লক্ষ আবেদনকারীর বিপরীতে শূন্যপদ মাত্র নয় হাজার। প্রত্যেক আবেদনকারীকে ৫০০ টাকা করে ফি দিতে হলে বিপুল পরিমাণ অর্থ জমা পড়ে। অথচ চাকরি পাবেন মাত্র নয় হাজার জন। সেই কারণেই সরকারি চাকরির পরীক্ষায় আবেদনের ফি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বেকার যুবক-যুবতীদের পাশে দাঁড়াতে পরীক্ষার প্রস্তুতির জন্যও বিশেষ আর্থিক সহায়তার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। স্নাতক এবং স্নাতক নন—দুই ধরনের চাকরিপ্রার্থীরাই এই সুবিধা পাবেন। চাকরির পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যেতে সরকার তাঁদের আর্থিকভাবে সাহায্য করবে বলে জানিয়েছেন তিনি।
পাশাপাশি, চাকরি না পাওয়া পর্যন্ত বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য চালু করা হবে ‘ভরসা’ প্রকল্প। স্নাতক এবং স্নাতকের নিচের স্তরে থাকা—দুই ধরনের যুবক-যুবতীরাই এই প্রকল্পের সুবিধা পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মহিলাদের উচ্চশিক্ষা চালিয়ে যাওয়ার জন্যও নতুন প্রকল্পের ঘোষণা করেছেন তিনি। ‘ভগিনী নিবেদিতা’ প্রকল্প আগামী জানুয়ারি মাস থেকে শুরু হবে। উচ্চমাধ্যমিক পাশ করার পর যে সমস্ত ছাত্রী আরও পড়াশোনা চালিয়ে যেতে চান, তাঁদের আর্থিক সহায়তা দেওয়া হবে। এই প্রকল্পে তিন বছরে মোট ৫০ হাজার টাকা দেওয়া হবে। প্রথম দুই বছরে ১৭ হাজার টাকা করে এবং তৃতীয় বছরে ১৬ হাজার টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত চাকরির নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত চাকরির মেলার প্রাথমিক পর্বে ৬০০ জনকে বেছে নেওয়া হয়েছিল। এদিন তাঁদের হাতেই নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী।
সাম্প্রতিক পোস্ট
নিয়োগ দুর্নীতি কি আগামী দিনে কমবে? জানুন, চাকরির নিয়মে এই পরিবর্তনে আসবে কি স্বচ্ছতা?
এক্সপোজড! ককরোচ জনতা পার্টির নেপথ্যে কোন চক্রান্তের গন্ধ? সত্যিটা জানলে চমকে উঠবেন
মহিলাদের বাসে টিকিট কাটতে হবে না! জানুন, এই কার্ড থাকলেই দিঘা থেকে

