NEET UG Refund Portal: প্রশ্নফাঁস বিতর্কে বাতিল হওয়া নিট পরীক্ষার আবেদনমূল্য ফেরাতে অবশেষে চালু হল বিশেষ পোর্টাল। নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাংকের তথ্য জমা দিলেই পরীক্ষার্থীদের অ্যাকাউন্টে ফেরত যাবে আবেদনমূল্যের টাকা।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: প্রশ্নফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া নিট স্নাতক স্তরের প্রবেশিকা পরীক্ষার আবেদনমূল্য ফেরত দেওয়ার প্রক্রিয়া অবশেষে শুরু করল জাতীয় পরীক্ষা কর্তৃপক্ষ(NTA)। দীর্ঘ অপেক্ষার পর পরীক্ষার্থীদের জন্য খোলা হয়েছে বিশেষ পোর্টাল, যেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাংকের তথ্য জমা দিলেই ফেরত মিলবে পরীক্ষার আবেদনমূল্যের টাকা।
গত ৩রা মে নিট স্নাতক স্তরের প্রবেশিকা পরীক্ষা প্রশ্নফাঁসের অভিযোগে বাতিল হওয়ার পর থেকেই দেশজুড়ে ক্ষোভ ও বিক্ষোভ শুরু হয়। এরপর পরীক্ষাকর্তৃপক্ষ জানায়, পরীক্ষার্থীদের আবেদনমূল্য সম্পূর্ণ ফেরত দেওয়া হবে। প্রথমে জানানো হয়েছিল একুশে মে থেকেই আবেদনমূল্য ফেরতের পোর্টাল খোলা হবে। তবে সেইদিন কোনও পোর্টাল চালু না হওয়ায় বিভ্রান্তি তৈরি হয় পরীক্ষার্থীদের মধ্যে। কেন পোর্টাল খোলা হল না, সে বিষয়ে তখন কোনও ব্যাখ্যাও দেয়নি পরীক্ষাকর্তৃপক্ষ।
অবশেষে সম্প্রতি একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, আবেদনমূল্য ফেরতের জন্য নির্দিষ্ট পোর্টাল চালু করা হয়েছে। পরীক্ষার্থীদের নিট পরীক্ষার সরকারি ওয়েবসাইটে (neet.nta.nic.in) গিয়ে নিজেদের আবেদন সংক্রান্ত তথ্য ব্যবহার করে লগইন করতে হবে। এরপর রিফান্ড সংক্রান্ত অংশে গিয়ে ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত তথ্য জমা দিতে হবে।
পরীক্ষাকর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের অ্যাকাউন্টধারীর নাম, ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড সঠিকভাবে দিতে হবে। পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট যাচাইয়ের সুবিধার জন্য স্ক্যান করা বাতিল চেক আপলোড করার ব্যবস্থাও রাখা হয়েছে।
এই আবেদনমূল্য ফেরতের পোর্টাল বাইশে মে থেকে সাতাশে মে রাত এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত খোলা থাকবে। একবার ব্যাংকের তথ্য জমা দেওয়া হলে সেটিকেই চূড়ান্ত হিসাবে ধরা হবে। পরে আর কোনও পরিবর্তন বা সংশোধনের সুযোগ থাকবে না বলেও স্পষ্ট জানানো হয়েছে।
পরীক্ষা কর্তৃপক্ষ আরও জানিয়েছে, যেহেতু সরকারি পোর্টালের মাধ্যমেই টাকা ফেরতের প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে, তাই পরীক্ষার্থীদের আলাদা করে কোনও অর্থ ফেরতের দাবি বা চার্জব্যাকের আবেদন না করার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে বাতিল হওয়া পরীক্ষার পরিবর্তে নতুন করে নিট স্নাতক স্তরের প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হবে একুশে জুন। পরীক্ষার্থীদের জন্য স্বস্তির খবর, নতুন পরীক্ষার জন্য আলাদা করে কোনও অতিরিক্ত আবেদনমূল্য নেওয়া হবে না।
দেশজুড়ে পাঁচশো বাহান্নটি শহর এবং বিদেশের চোদ্দোটি শহরে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই কিছু রাজ্য পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে। বিহার এবং পাঞ্জাব সরকার ঘোষণা করেছে, একুশে জুন পরীক্ষার দিন পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস পরিষেবার ব্যবস্থা করা হবে, যাতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে কোনও সমস্যার মুখে না পড়তে হয়।
সাম্প্রতিক পোস্ট
নিয়োগ দুর্নীতি কি আগামী দিনে কমবে? জানুন, চাকরির নিয়মে এই পরিবর্তনে আসবে কি স্বচ্ছতা?
এক্সপোজড! ককরোচ জনতা পার্টির নেপথ্যে কোন চক্রান্তের গন্ধ? সত্যিটা জানলে চমকে উঠবেন
মহিলাদের বাসে টিকিট কাটতে হবে না! জানুন, এই কার্ড থাকলেই দিঘা থেকে দার্জিলিং সফর ফ্রী তে
কলেজে ভর্তি নিয়ে বড় খবর, এক নজরে দেখে নিন স্নাতকে ভর্তির আবেদন কবে থেকে?

