নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: কলকাতার মুকুটে জুড়তে চলেছে আরও একটি নতুন পালক। ২০২৭ সালের জানুয়ারি মাসে শহরেই আয়োজিত হতে চলেছে ১৯তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন। আগামী ৭ থেকে ৯ জানুয়ারি, তিন দিন ধরে চলবে এই আন্তর্জাতিক সম্মেলন। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ভারতীয় বংশোদ্ভূত মানুষ, প্রবাসী ভারতীয়, শিল্পোদ্যোগী, শিক্ষাবিদ এবং তরুণ প্রজন্মের প্রতিনিধিরা এই সম্মেলনে যোগ দেবেন বলে জানা গিয়েছে।
বুধবার নয়াদিল্লির সুষমা স্বরাজ ভবন থেকে সম্মেলনের সরকারি ওয়েবসাইটের উদ্বোধন করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই অনুষ্ঠানে উন্মোচন করা হয় সম্মেলনের নতুন প্রতীকচিহ্ন। সেখানেই ঘোষণা করা হয়, আগামী বছর কলকাতায় বসতে চলেছে এই আন্তর্জাতিক সম্মেলনের আসর। বিদেশ মন্ত্রকের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় আয়োজিত হবে এই অনুষ্ঠান। সম্মেলন সংক্রান্ত বিস্তারিত তথ্য সরকারি ওয়েবসাইটে পাওয়া যাবে।
সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কার প্রদান করবেন। এই সম্মেলনকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারও আয়োজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, কলকাতাকে এই সম্মেলনের জন্য বেছে নেওয়ায় পশ্চিমবঙ্গ গর্বিত। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও কলকাতার সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্বের কথা তুলে ধরেন। তাঁর বক্তব্য, কলকাতা শুধু ভারতের সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক নয়, প্রবাসী ভারতীয়দের পরিচয় ও ইতিহাস গঠনের ক্ষেত্রেও কলকাতা তথা বাংলার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, ১৯১৫ সালের ৯ জানুয়ারি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরেছিলেন মহাত্মা গান্ধী। তাঁর এই প্রত্যাবর্তনের দিনটিকে স্মরণে রেখেই ২০০৩ সাল থেকে প্রবাসী ভারতীয় দিবস পালনের সূচনা হয়। পরবর্তী সময়ে, ২০১৫ সাল থেকে প্রতি দু’বছর অন্তর মূল সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে ১৮তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ওড়িশার ভুবনেশ্বরে। এবার সেই আন্তর্জাতিক আয়োজনের দায়িত্ব পেতে চলেছে কলকাতা। ফলে আগামী বছরের জানুয়ারিতে দেশ-বিদেশের প্রবাসী ভারতীয়দের উপস্থিতিতে শহরজুড়ে তৈরি হতে চলেছে এক বিশেষ আন্তর্জাতিক আবহ। এই সম্মেলনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ভারতীয় বংশোদ্ভূত মানুষের সঙ্গে বাংলার সাংস্কৃতিক, সামাজিক ও অর্থনৈতিক যোগাযোগ আরও দৃঢ় হওয়ার সুযোগ তৈরি হবে।
সাম্প্রতিক পোস্ট
নিয়োগ দুর্নীতি কি আগামী দিনে কমবে? জানুন, চাকরির নিয়মে এই পরিবর্তনে আসবে কি স্বচ্ছতা?
এক্সপোজড! ককরোচ জনতা পার্টির নেপথ্যে কোন চক্রান্তের গন্ধ? সত্যিটা জানলে চমকে উঠবেন
মহিলাদের বাসে টিকিট কাটতে হবে না! জানুন, এই কার্ড থাকলেই দিঘা থেকে দার্জিলিং সফর ফ্রী তে

