নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: সন্দেশখালি কাণ্ডের পর থেকেই রাজ্য রাজনীতির পরিচিত মুখ হয়ে উঠেছিলেন রেখা পাত্র। শনিবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন হিঙ্গলগঞ্জের এই বিধায়ক। পরিবারের সদস্য এবং বিজেপি কর্মীদের তৎপরতায় প্রথমে তাঁকে হিঙ্গলগঞ্জের একটি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত কলকাতার আনন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন রেখা পাত্র।
হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। তিনি অচেতন অবস্থায় রয়েছেন এবং ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। চিকিৎসক জ্যোধাজিত সেনগুপ্তের তত্ত্বাবধানে চলছে তাঁর চিকিৎসা। শরীরে বিষক্রিয়ার লক্ষণ মিলেছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি, অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তাঁকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছিল। চলছিল স্যালাইনও। মস্তিষ্কেও সংক্রমণের প্রভাব পড়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।
হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত নথি অনুযায়ী, রেখা পাত্রের শরীরে ফসলের কীটনাশকের উপস্থিতি পাওয়া গিয়েছে। তবে কীভাবে তাঁর শরীরে এই বিষক্রিয়া ঘটল, তা এখনও স্পষ্ট নয়। পরিবারের তরফে এখনও অসুস্থতার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। জেলা বিজেপি নেতৃত্বের কাছ থেকেও এই বিষয়ে নির্দিষ্ট কোনও ব্যাখ্যা মেলেনি।
এদিকে, সকালে হাসপাতালে রেখা পাত্রকে দেখতে যান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, খাদ্যে বিষক্রিয়ার জেরেই অসুস্থ হয়ে পড়েছেন বিধায়ক। কীভাবে এই বিষক্রিয়া ঘটেছে, তা পুলিশ খতিয়ে দেখবে বলেও জানিয়েছেন তিনি। তবে শরীরে কীটনাশকের উপস্থিতি এবং খাদ্যে বিষক্রিয়ার মধ্যে কোনও যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।
সন্দেশখালি কাণ্ডের পর রাজনৈতিক পরিচিতি পাওয়া রেখা পাত্র ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে সক্রিয় রাজনীতিতে যোগ দেন। বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও সেই নির্বাচনে জয়ী হতে পারেননি তিনি। পরে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জ কেন্দ্র থেকে জয়লাভ করে বিধায়ক হন রেখা পাত্র।
তাঁর এই অসুস্থতার খবর সামনে আসতেই দলের অন্দরেও উদ্বেগ তৈরি হয়েছে। তবে ঠিক কী কারণে তিনি অসুস্থ হয়ে পড়লেন, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। আপাতত তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন চিকিৎসকেরা। স্থিতিশীলতার কথা জানানো হলেও তিনি এখনও বিপদমুক্ত নন।
সাম্প্রতিক পোস্ট
“আমি মাথা নত করার ছেলে নই”- শোকজের পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী জানালেন
সিপিএম ধর্ম পালন করতে দিত না, দাবি মুখ্যমন্ত্রীর
পর্যটনে ডিজিটাল পরিকল্পনা! এক ক্লিকেই বুকিং থেকে পেমেন্ট, সব জানাবে নতুন পোর্টাল
কিডনি ভালো রাখতে দিনে কতটা জল পান করা উচিত? অতিরিক্ত জলও হতে পারে বিপদ, জানুন চিকিৎসকদের পরামর্শ!

