১৫০ স্কোয়ার ফিটের গ্যারেজ থেকে ৫৫০ কোটির সাম্রাজ্য (Mio Amore History)—যেভাবে অর্ণব বসু বদলে দিয়েছিলেন কলকাতার কেক সংস্কৃতি।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: Mio Amore History বা আজকের বাংলার সবচেয়ে জনপ্রিয় বেকারি চেইনের ইতিহাস হার মানাবে যেকোনো বলিউড সিনেমার চিত্রনাট্যকেও। অফিসের টিফিন হোক বা জন্মদিন, কলেজ ক্যান্টিন হোক বা মেট্রো স্টেশন—কলকাতাবাসীর জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ‘মিও আমোরে’। কিন্তু আপনি কি জানেন, আজ আমরা যে চিকেন প্যাটিস বা ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রিতে কামড় বসাই, তার জন্ম হয়েছিল এক বিশাল আইনি লড়াই, অদম্য জেদ এবং এক বাঙালির স্বপ্নের হাত ধরে?
অনেকেই ভাবেন এটি নিছকই একটি নাম পরিবর্তন। কিন্তু ‘মঞ্জিনিস’ (Monginis) থেকে ‘মিও আমোরে’ (Mio Amore) হয়ে ওঠার এই যাত্রাপথে মিশে আছে বিশ্বাসঘাতকতা, বিজনেস স্ট্র্যাটেজি এবং এক রাত্রে ভাগ্য বদলে দেওয়ার গল্প। আসুন জেনে নিই সেই অজানা ইতিহাস।
আরও পড়ুন : ব্লিনকিটের ১০ মিনিটের ডেলিভারি বন্ধ │ জানুন কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশ
বোম্বের ইতালিয়ান ভাই এবং ‘মঞ্জিনিস’-এর জন্ম (Mio Amore History)
গল্পের শুরু ১৯৫০ সালে। বম্বেতে (বর্তমান মুম্বই) দুই ইতালিয়ান ভাই ক্যাটারিং ব্যবসা শুরু করেছিলেন, তাঁদের পদবী ছিল ‘মঞ্জিনিস’। সেখান থেকেই এই নামের জন্ম। ১৯৫৬ সালে ‘খুরাকিওয়ালা’ পরিবার এই ব্যবসা কিনে নেয় এবং নাম দেয় ‘Monginis Foods Pvt Ltd’। কিন্তু তখনো পর্যন্ত কলকাতা বা বাংলার মানুষ এই নামের সঙ্গে পরিচিত ছিল না।
এক স্বপ্নদ্রষ্টার প্রবেশ: অর্ণব বসু এবং ১৫০ ফুটের গ্যারেজ
আটের দশকে কলকাতার যুবক অর্ণব বসু (Arnab Basu) কর্মসূত্রে মুম্বই, হায়দ্রাবাদ এবং ইতালিতে ঘোরার সময় একটি বিষয় লক্ষ্য করেন। কলকাতায় তখন মিষ্টির দোকানের ছড়াছড়ি, কিন্তু কেক বা পেস্ট্রির জন্য কোনো ‘স্ট্যান্ডার্ডাইজড’ চেইন শপ নেই। তিনি স্বপ্ন দেখলেন, কলকাতার অলিতে গলিতে একদিন মিষ্টির মতো কেকের দোকানও থাকবে।
১৯৮৯ সালে তিনি মঞ্জিনিস ব্র্যান্ডের ফ্র্যাঞ্চাইজি নিয়ে কলকাতায় ফিরে আসেন। শুরুটা ছিল অত্যন্ত কঠিন। দক্ষিণ কলকাতার যোধপুর পার্কে নিজের বাড়ির মাত্র ১৫০ স্কোয়ার ফিটের গ্যারেজে খোলা হয় প্রথম দোকান। বাঙালি তখনো সন্দেশ-রসগোল্লা ছেড়ে কেক খেতে অভ্যস্ত নয়। নামের উচ্চারণ নিয়ে সমস্যা তো ছিলই। কিন্তু অর্ণব বাবু বাঙালির আবেগকে উসকে দিয়ে প্রচার করলেন—মঞ্জিনিস মানে ‘মন জিনিস’ (Mon Jinish – Something from Heart)। এই মার্কেটিং স্ট্র্যাটেজি জাদুর মতো কাজ করল।
কসবার ফ্যাক্টরি এবং উত্থান (Mio Amore History)
প্রথম তিন বছর ব্যবসায় সেভাবে লাভ হয়নি। কিন্তু অর্ণব বসু হাল ছাড়েননি। তিনি জানতেন, কোয়ালিটি ধরে রাখতে হলে অটোমেশন দরকার। তাই বড় ঝুঁকি নিয়ে কসবা ইন্ডাস্ট্রিয়াল হাবে আধুনিক মেশিনারি দিয়ে তৈরি করলেন কলকাতার প্রথম মডার্ন বেকারি ফ্যাক্টরি। তাঁর হাত ধরেই বাঙালি শিখল কম দামে হাই-কোয়ালিটি প্যাটিস আর পেস্ট্রি খাওয়া। ২০১২ সালের মধ্যে কলকাতায় দোকানের সংখ্যা ২০০ ছাড়িয়ে গেল।
ফাটল ধরল সম্পর্কে: মঞ্জিনিস বনাম অর্ণব বসু
ব্যবসা যখন তুঙ্গে, তখনই শুরু হলো আসল ড্রামা। মঞ্জিনিস ব্র্যান্ডের মূল মালিক খুরাকিওয়ালা পরিবারের সঙ্গে অর্ণব বসুর কোম্পানি ‘সুইৎজ ফুডস’-এর (Switz Foods) মতপার্থক্য শুরু হয়। শোনা যায়, ব্যবসার লভ্যাংশ এবং ম্যানেজমেন্ট নিয়ে সমস্যা গড়ায় আদালত পর্যন্ত।
দীর্ঘ আইনি লড়াইয়ের পর অর্ণব বসুই জয়ী হন। আদালতের রায় অনুযায়ী, মঞ্জিনিস ব্র্যান্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হয় সুইৎজ ফুডসকে। কিন্তু অর্ণব বসুর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল অন্য জায়গায়। আদালত নির্দেশ দেয়, মঞ্জিনিস আগামী ৩ বছর কলকাতায় কোনো নতুন দোকান খুলতে পারবে না, কিন্তু অর্ণব বসুকেও ‘মঞ্জিনিস’ নাম ত্যাগ করতে হবে।
২০১৫ সালের সেই রাত: জন্ম হলো ‘মিও আমোরে’-র
২০১৫ সালের পয়লা বৈশাখ (Bengali New Year)। বাঙালির কাছে এক নতুন শুরুর দিন। ঠিক তার আগের রাতে ঘটে গেল এক আশ্চর্য ঘটনা। কলকাতার ২০০টি আউটলেটের সাইনবোর্ড, দেওয়ালের রং, লোগো—সব রাতারাতি বদলে ফেলা হলো। সকালে ঘুম থেকে উঠে কলকাতাবাসী দেখল, তাদের প্রিয় মঞ্জিনিস দোকানটি আর নেই, তার জায়গায় জন্ম নিয়েছে এক নতুন ব্র্যান্ড—‘মিও আমোরে’ (Mio Amore)। ইতালীয় ভাষায় যার অর্থ “My Love” বা “আমার ভালোবাসা”।
এটি ছিল এক বিশাল জুয়া। অর্ণব বসু জানতেন, নাম বদলালেও স্বাদ এক থাকলে বাঙালি তাঁকে ফেরাবে না। হলোও তাই। মানুষ বুঝল, শুধু মোড়ক বদলেছে, ভেতরের ভালোবাসা একই আছে।
লিগ্যাসি এবং বর্তমান (Mio Amore History)
২০২০ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে অর্ণব বসু প্রয়াত হন। কিন্তু তাঁর তৈরি সাম্রাজ্য আজ মহীরুহের আকার নিয়েছে। রিপোর্ট অনুযায়ী, বর্তমানে বাংলায় মিও আমোরের ৪০০-এর বেশি আউটলেট রয়েছে এবং বার্ষিক রেভিনিউ ৫৫০ কোটি টাকারও বেশি। মঞ্জিনিস পরবর্তীকালে কলকাতায় ফিরে আসার চেষ্টা করলেও, মিও আমোরের একচ্ছত্র আধিপত্যে তারা আর সেভাবে দাগ কাটতে পারেনি।
নিউজ অফবিট বিশেষ নোট: আজ অর্ণব বসু নেই, কিন্তু তাঁর দূরদর্শিতা প্রমাণ করেছে—ব্র্যান্ডের নামের চেয়েও বড় হলো কাস্টমারের বিশ্বাস। ১৫০ ফুটের গ্যারেজ থেকে শুরু হওয়া সেই স্বপ্ন আজ বাংলার প্রতিটা উদযাপনের অবিচ্ছেদ্য অংশ।
Most Viewed Posts
- ২০২৬-এ মেষ রাশির জন্য আসছে বড় মোড় │ Aries Horoscope 2026 Full Prediction
- মোটা হবেন না, মিষ্টি খান নিশ্চিন্তে │ Guilt-Free Sweets for Diwali Delight
- ‘মায়া ভরা রাতি’ আবার ফিরছে—অরিজিৎ সিং-এর কণ্ঠে নতুন করে জেগে উঠবে এক চিরন্তন গান
- বাড়িতে রাখুন এই নয় গাছ, সৌভাগ্য ফিরবেই
- Dharmendra death: ধর্মেন্দ্রর জীবনের এই ১১টি তথ্য অনেকেই জানেন না │ 11 Untold Facts About Dharmendra

