Raja Sen Death: রাজা সেনের প্রয়াণে বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন জগতে নেমে এসেছে শোকের ছায়া। ‘দেশ’, ‘দেবীপক্ষ’, ‘দামু’সহ একাধিক স্মরণীয় সৃষ্টির পরিচালক হিসেবে তিনি দর্শকের মনে বিশেষ জায়গা তৈরি করেছিলেন। তাঁর চলে যাওয়ায় ফের ছন্দপতন টলিউডে।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: রবিবার সকালে টলিউডে নেমে এল শোকের ছায়া। প্রয়াত হলেন পরিচালক রাজা সেন। দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। রবিবার সকাল ১০টা নাগাদ এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিচালক। বেশ কয়েকদিন ধরেই তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, বাড়িতে পড়ে গিয়ে কোমরে গুরুতর চোট পান রাজা সেন। এরপর তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ফুসফুসের সমস্যা দেখা দেওয়ার পাশাপাশি তিনি একাধিকবার হৃদরোগে আক্রান্ত হন। পরবর্তীতে গত সোমবার তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
এসএসকেএমে চিকিৎসাধীন অবস্থায় তাঁর কিডনিতেও সমস্যা দেখা দেয়। শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। পরিবারের তরফে জানানো হয়েছে, ফের হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার পর ধীরে ধীরে একাধিক অঙ্গ বিকল হতে শুরু করে। চিকিৎসকেরা আপ্রাণ চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
পরিচালকের প্রয়াণের খবর নিশ্চিত করেছেন বিজেপি বিধায়ক ও অভিনেত্রী পাপিয়া অধিকারী। রাজা সেনের স্ত্রী পাপিয়া সেনও সংবাদমাধ্যমকে জানান, তাঁর স্বামী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, রাজা সেনের বড় মেয়ে জার্মানিতে থাকেন। বাবাকে হাসপাতালে ভর্তি করিয়ে তিনি ফিরে গিয়েছিলেন। অন্যদিকে ছোট মেয়ে কলকাতাতেই রয়েছেন। পরিচালকের দাদা এখনও জীবিত রয়েছেন। পরিবারের সদস্যদের মধ্যেই পরবর্তী যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।
রাজা সেনের মৃত্যুতে বাংলা চলচ্চিত্র জগতে শোকের আবহ তৈরি হয়েছে। দীর্ঘদিনের অসুস্থতার পর তাঁর এই প্রয়াণে টলিউডের বহু মানুষ শোকপ্রকাশ করছেন।
রাজা সেন শুধু টেলিভিশন ধারাবাহিক নয়, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণেও নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছিলেন। তাঁর পরিচালনায় একাধিক উল্লেখযোগ্য ধারাবাহিকের মধ্যে ছিল ‘সুবর্ণলতা’, ‘আদর্শ হিন্দু হোটেল’, ‘আরোগ্য নিকেতন’, ‘দেশ’, ‘আমার দেশ’-এর মতো কাজ। বাংলা শিল্প ও সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবন ও কর্মের বাস্তব প্রতিচ্ছবিও তাঁর নির্মাণে উঠে এসেছে। সুচিত্রা মিত্র, তপন সেন, শম্ভু মিত্র, সুভাষ মুখোপাধ্যায়ের মতো কিংবদন্তিদের জীবন ও সৃষ্টিকে তিনি তাঁর কাজের মাধ্যমে নথিভুক্ত করেছেন।
পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের ক্ষেত্রেও তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। ‘দামু’, ‘আত্মীয় স্বজন’, ‘দেশ’, ‘দেবীপক্ষ’, ‘কৃষ্ণকান্তের উইল’, ‘ল্যাবরেটরি’, ‘মায়া মৃদঙ্গ’, ‘চক্রব্যূহ’-সহ একাধিক গুরুত্বপূর্ণ চলচ্চিত্র পরিচালনা করেছেন তিনি। সাহিত্যনির্ভর কাহিনি থেকে শুরু করে সমাজ ও মানুষের জীবনঘনিষ্ঠ নানা বিষয়—তাঁর চলচ্চিত্রে বারবার উঠে এসেছে বাংলা সমাজ ও সংস্কৃতির নিজস্ব ছবি।
#RajaSenDeath #RajaSen #BengaliCinema #Tollywood #BengaliDirector #Damu #Desh #Debipaksha
সাম্প্রতিক পোস্ট
‘সাথীরা, প্রশ্নফাঁস মাফিয়াদের রেয়াত নয়’– সংসদে বিল পাসের পর প্রথমবার কী বললেন প্রধানমন্ত্রী?
সিলেবাসে বড় পরিবর্তন কবে থেকে? শিক্ষক নিয়োগেও সুখবর? কী বললেন শিক্ষামন্ত্রী?
আবার কি বদলে যাবে নোট? দেশে আসছে প্লাস্টিকের নোট,জানুন, কী বদল আসছে?
১লা আগস্ট থেকে স্কুলের খাবারের দায়িত্ব ইস্কনের, ডিম বিতরণ, ও শিক্ষক নিয়োগে বড় ঘোষণা

