West Bengal Ration System Reform: রেশন দোকানে এবার মিলতে পারে নুন, তেল, গ্যাস থেকে ব্যাঙ্কিং পরিষেবা! মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে বড় প্রস্তাব রেশন ডিলারদের।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর এবার রেশন ব্যবস্থাকেও ঢেলে সাজানোর দাবি উঠল। সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে একগুচ্ছ প্রস্তাব নিয়ে পৌঁছেছে রেশন ডিলারদের সংগঠন। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে আটকে থাকা একাধিক জনমুখী কেন্দ্রীয় প্রকল্প দ্রুত চালুর আর্জিও জানানো হয়েছে।
অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে ইতিমধ্যেই চিঠি পাঠানো হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু মুখ্যমন্ত্রীর সঙ্গে রেশন ডিলারদের একটি বিশেষ বৈঠকেরও আবেদন জানিয়েছেন। তার দাবি, বর্তমান মুখ্যসচিব মনোজ আগরওয়াল দীর্ঘদিন খাদ্য দপ্তরের দায়িত্ব সামলেছেন, ফলে রেশন ব্যবস্থার খুঁটিনাটি সম্পর্কে তিনি অত্যন্ত অভিজ্ঞ। তাই দ্রুত এই ব্যবস্থার আধুনিকীকরণ সম্ভব বলেই মনে করছেন ডিলাররা।
রেশন দোকানেই মিলতে পারে নুন-তেল-মশলা!
রেশন ডিলারদের অন্যতম বড় দাবি, শুধুমাত্র চাল-গম নয়, সাধারণ মানুষের জন্য কম দামে তেল, নুন, মশলার মতো নিত্যপ্রয়োজনীয় সামগ্রীও রেশন দোকান থেকে দেওয়া হোক। দেশের একাধিক বিজেপি শাসিত রাজ্যে এই মডেল ইতিমধ্যেই সফল হয়েছে বলেই দাবি সংগঠনের।
ডিলারদের মতে, এতে সাধারণ মানুষের খরচ কমবে এবং রেশন দোকানগুলিও আরও কার্যকর পরিষেবা কেন্দ্র হয়ে উঠবে।
গ্রামে চালু হতে পারে মিনি ব্যাংকিং পরিষেবা
গ্রামীণ ও প্রত্যন্ত এলাকার মানুষের সুবিধার জন্য রেশন দোকানগুলিতে মিনি ব্যাংকিং কাউন্টার চালুর প্রস্তাবও দেওয়া হয়েছে। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের ডিজিটাল পরিষেবা যুক্ত করে টাকা তোলা, জমা দেওয়া বা বিভিন্ন সরকারি পরিষেবার সুবিধা দেওয়ার দাবি জানানো হয়েছে।
ডিলারদের বক্তব্য, গ্রামের বহু মানুষ এখনও ব্যাঙ্কিং পরিষেবা থেকে দূরে। রেশন দোকানকে ডিজিটাল পরিষেবা কেন্দ্র বানানো গেলে সাধারণ মানুষের অনেক সুবিধা হবে।
রেশন দোকান থেকেই এলপিজি গ্যাস!
সবচেয়ে চমকপ্রদ প্রস্তাবগুলির মধ্যে রয়েছে পাঁচ কেজির ছোট এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি ও রিফিলিংয়ের ব্যবস্থা। মূলত মধ্যবিত্ত পরিবার এবং পরিযায়ী শ্রমিকদের সুবিধার কথা মাথায় রেখেই এই পরিকল্পনা করা হয়েছে। ডিলারদের মতে, রেশন দোকান যদি বহুমুখী পরিষেবা কেন্দ্র হয়ে ওঠে, তাহলে সাধারণ মানুষের এক জায়গাতেই বহু পরিষেবা মিলবে।
ডিজিটাল পরিষেবা ও প্রশিক্ষণের দাবিও
রেশন ডিলারদের আরও দাবি, বিভিন্ন ডিজিটাল সরকারি পরিষেবা রেশন দোকানের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া হোক। পাশাপাশি কেন্দ্র সরকারের খরচে রেশন ডিলারদের আধুনিক প্রশিক্ষণ দেওয়ার আর্জিও জানানো হয়েছে। সংগঠনের বক্তব্য, প্রযুক্তিনির্ভর পরিষেবা চালু হলে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা বাড়বে এবং সাধারণ মানুষের ভোগান্তিও কমবে।
এবার কি বড় বদল আসছে রেশন ব্যবস্থায়?
নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই প্রশাসনিক স্তরে একাধিক পরিবর্তনের ইঙ্গিত মিলছে। তার মধ্যেই রেশন ব্যবস্থাকে আধুনিক ও জনমুখী করে তোলার এই প্রস্তাব ঘিরে শুরু হয়েছে জোর চর্চা।
এখন দেখার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রেশন ডিলারদের এই দাবি নিয়ে কত দ্রুত পদক্ষেপ নেন। তবে ডিলার সংগঠনগুলির আশা, এবার আর শুধু আশ্বাস নয়, বাস্তব পরিবর্তনও দেখা যাবে।
#RationSystem #WestBengal #SuvenduAdhikari #RationDealer #DigitalIndia #LPG #FoodDepartment #RationNews
সাম্প্রতিক পোস্ট
নিয়োগ দুর্নীতি কি আগামী দিনে কমবে? জানুন, চাকরির নিয়মে এই পরিবর্তনে আসবে কি স্বচ্ছতা?
এক্সপোজড! ককরোচ জনতা পার্টির নেপথ্যে কোন চক্রান্তের গন্ধ? সত্যিটা জানলে চমকে উঠবেন
মহিলাদের বাসে টিকিট কাটতে হবে না! জানুন, এই কার্ড থাকলেই দিঘা থেকে দার্জিলিং সফর ফ্রী তে
কলেজে ভর্তি নিয়ে বড় খবর, এক নজরে দেখে নিন স্নাতকে ভর্তির আবেদন কবে থেকে?

