লিখেছেন প্রাণকৃষ্ণ ঘোষ
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: গ্রামের ছেলে। বছর কয়েক আগেও গ্রাম ছিল নির্ভেজাল। শহরের নানাবিধ কালচার, থাবা বসাতে পারেনি তখনও। তখনও জাতীয় সড়ক আমাদের বাড়ির খামার সংলগ্ন এলাকায় এসে মেশেনি। কোকিলের কুহু ডাকে ঘুম ভাঙার ঐতিহ্য তখনও অবিচল। চড়ুই পাখির চরৈবেতি তখনও অমলিন। বর্ষার সন্ধ্যায়, নিঝুম অন্ধকারে ;ব্যাঙের ডাককে উপেক্ষা করে ধুপধাপ তাল পড়তো। বেশ মনে পড়ে। মনে পড়ে ভিজতে ভিজতেই ছুট্টে যেতাম তাল কুড়োতে। তাল ফুলুরি আর তালের লুচি ছিল খুব প্রিয়। ঝুড়ির ওপরে তালের আঁটি রেখে তাল মুজে দিতাম মাকে। তখনও রক্তে চিনির আধিক্য ছিল টিপিক্যাল শহুরে বাবুদের রোগ। এখনও আমরা গ্রামেই থাকি। মা মনসার অরন্ধন এর উপাচার এখনও আছে। কিন্তু সেই আড়ম্বর হারিয়ে গেছে কালের স্রোতে। এখন শুধুই নিয়মরক্ষা।
সেটাও আর কতবছর সম্ভব কে জানে! এখন আমার বাড়ির খুব কাছে একাধিক ইংরেজি মাধ্যম স্কুল, শপিং মল। এখন ঝুলনে বাচ্চারা পুতুল সাজিয়ে বসে। দশটাকার কমে দিতে গেলে নেয় না। এখন আর আমাদের পাড়ায় মানুষ ঝুলন হয় না। রাধাকৃষ্ণও আর সাজে না কেউ। আমরা প্রত্যেকেই তো এখন পুতুল। কারও না কারও হাতে থাকা সুতোর টানেই নেচে চলেছি প্রতি মুহূর্তে। এখন রোদ, বৃষ্টি , মেঘ, গর্জন, গরম, ঠান্ডা সবই বেশি। বাড়িতে বাড়িতে আর ফলের বাগান নেই। টবে ফুল আছে। বাড়িতে বাড়িতে আর তেঁতুল শুকোতে দেওয়া হয় না, গিজার চালানো হয়। গ্রামে আর তালগাছ নেই বললেই চলে। এসি আছে অনেক বাড়িতেই।
গ্রামে এখন পুকুরের সংখ্যা কমেছে অনেক। যেকটাও বা আছে সেগুলোতে আগের মতো টলটলে জল নেই। হাঁসেরা আর দল বেঁধে জল কেটে কেটে এগিয়ে যায় না। সন্ধ্যা নামলে মা – কাকিমারা আর চই চই চই চই শব্দে হাঁসেদের ডাকে না। আমাদের বাড়ির পাঁচিলের গা বেয়ে যে হুদরোটা ছিল সেটাও ভাঙা পড়েছে অনেক বছর আগেই। সেখানে এখন ইলেকট্রিক স্কুটির চার্জ দেওয়া হয়। হাঁসের ডিম ও এখন আর সহজে মেলে না। পাওয়া গেলেও বারো টাকা পিস। তবে এখনও গ্রামের মানুষের মনে মেঘ জমে, চোখ ভিজে ওঠে। হয়তো আর বেশিদিন নয়। তবুও ঝড় থেমে গেলে ঝিঁঝিঁপোকার ডাক পেরিয়ে এখনও ; জোনাকি ওঠে চাঁদের সমান্তরালে। তবুও নববধূর মতো পেলব অভিমানে সামনের ধানক্ষেত পোয়াতি হয়ে ওঠে। আজও…
#ruralbengalmemories #bengalvillage #ruralnostalgia #bengaliculture #villagelife #bengaltradition #newsoffbeat
সাম্প্রতিক পোস্ট
স্কুলের শৌচাগারে সাপ! নামী বেসরকারি স্কুলের নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন, কী বলছে কর্তৃপক্ষ
নিউ মার্কেটের অগ্নিকাণ্ডের নেপথ্যে আসল কারণ কী? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য
অভিজিৎ দীপকে কি তবে এবার বিজেপিতে? রাজনৈতিক প্রস্তাব ঘিরে তুঙ্গে জল্পনা
ঋতব্রতই বিরোধী দলনেতা, হাইকোর্টের বড় পর্যবেক্ষণ, কালীঘাটপন্থী তৃণমূলের পদক্ষেপ কী?

