Free Bus Travel Card for Women: সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের জন্য চালু হতে চলেছে বিশেষ স্মার্ট কার্ড ব্যবস্থা, যার মাধ্যমে দূরপাল্লা থেকে শহরের রুট— সর্বত্র মিলবে ভাড়ামুক্ত যাত্রার সুবিধা।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: রাজ্যের মহিলাদের জন্য বড় ঘোষণা। সরকারি বাসে এবার বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলারা। রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল আগেই জানিয়েছিলেন, দীঘা থেকে দার্জিলিং— রাজ্যের যেকোনও প্রান্তে সরকারি বাসে মহিলারা বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন। এবার সেই ঘোষণাকেই কার্যকর করতে নতুন নির্দেশিকা সামনে এল।
জানা গিয়েছে, আগামী পয়লা জুন থেকে এই পরিষেবা চালু হতে চলেছে। স্বল্প দূরত্ব হোক কিংবা দীর্ঘ পথ, সব ক্ষেত্রেই সরকারি বাসে মহিলাদের আর টিকিট কাটতে হবে না। তবে এই সুবিধা পেতে গেলে একটি বিশেষ স্মার্ট কার্ড তৈরি করতে হবে।
আরও পড়ুন : ককরোচ জনতা পার্টির সদস্য শুধু কি জেনজি? কী তাদের এজেন্ডা? কেন তাদের ফলোয়ার হু হু করে বাড়ছে?
কীভাবে মিলবে এই সুবিধা? (Free Bus Travel Card for Women)
রাজ্য পরিবহন দপ্তরের তরফে জানানো হয়েছে, প্রত্যেক মহিলাকে একটি করে ছবি-সহ স্মার্ট কার্ড দেওয়া হবে। সেই কার্ড দেখিয়েই সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করা যাবে। স্মার্ট কার্ডে থাকবে আবেদনকারীর ছবি এবং একটি কিউআর কোড।
কীভাবে আবেদন করবেন? Free Bus Travel Card for Women
এই স্মার্ট কার্ডের জন্য আবেদন করতে হবে নির্দিষ্ট পদ্ধতিতে। আবেদন করার সময় কয়েকটি গুরুত্বপূর্ণ নথি জমা দিতে হবে। যেমন—
- আধার কার্ড
- প্যান কার্ড
- জব কার্ড
এই নথিগুলির সাহায্যে যেকোনও মহিলা আবেদন করতে পারবেন। আবেদন যাচাই হওয়ার পর পরিবহন দপ্তরের পক্ষ থেকে দেওয়া হবে পরিচয়পত্র-সহ স্মার্ট কার্ড।
কোথায় ব্যবহার করা যাবে?
সরকারি সূত্রে জানা গিয়েছে, রাজ্যের সমস্ত সরকারি বাসেই এই সুবিধা কার্যকর হবে। অর্থাৎ শহর, শহরতলি বা দূরপাল্লার সরকারি বাস— সব ক্ষেত্রেই এই কার্ড ব্যবহার করে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলারা।
যদিও এই ঘোষণা ঘিরে ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে, তবু প্রশ্নও উঠতে শুরু করেছে। গত কয়েক বছরে সরকারি বাসের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে বলেই অভিযোগ। একাধিক রুটে সরকারি বাস কার্যত বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতিও তৈরি হয়েছে।
রাজ্য সরকারের তরফে মহিলাদের জন্য যে বিনামূল্যে সরকারি বাস পরিষেবার ঘোষণা করা হয়েছে, সেই পরিষেবা পাওয়ার জন্য চালু করা হতে পারে বিশেষ “পিঙ্ক কার্ড” বা স্মার্ট কার্ড ব্যবস্থা। মূলত মহিলাদের অর্থনৈতিক এবং সামাজিকভাবে আরও স্বনির্ভর করে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে। সরকারের দাবি, যাতায়াতের খরচ কমলে কর্মজীবী, পড়ুয়া এবং বিভিন্ন কাজে নিয়মিত যাতায়াত করা মহিলারা সরাসরি উপকৃত হবেন।
এই স্মার্ট কার্ডের জন্য আবেদন করা যাবে বাড়ির নিকটবর্তী বিডিও অফিস, এসডিও অফিস অথবা মহকুমা স্তরের প্রশাসনিক কার্যালয় থেকে। আবেদন জমা পড়ার পর প্রশাসনের পক্ষ থেকে সমস্ত তথ্য ও নথি যাচাই করা হবে। যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হলে আবেদনকারীদের হাতে তুলে দেওয়া হবে কিউআর কোড যুক্ত স্মার্ট কার্ড। সরকারি বাসে যাতায়াতের সময় সেই কার্ড দেখালেই মিলবে বিনামূল্যে পরিষেবা।
আবেদনের জন্য একাধিক পরিচয়পত্র গ্রহণ করা হবে বলে জানা গিয়েছে। আবেদনকারীকে আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, জব কার্ড, সরকারি পরিচয়পত্র, শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র অথবা পেনশনের নথির মধ্যে যেকোনও একটি বা একাধিক নথি জমা দিতে হতে পারে। পাশাপাশি দিতে হবে সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজের ছবিও।
প্রশাসনিক মহলের দাবি, এই স্মার্ট কার্ড শুধু বিনামূল্যে যাতায়াতের সুবিধাই দেবে না, ভবিষ্যতে মহিলাদের জন্য আরও বিভিন্ন সরকারি পরিষেবার সঙ্গেও এই কার্ডকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। ফলে এই উদ্যোগকে রাজ্যের মহিলা ক্ষমতায়নের বড় পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।
এখন প্রশ্ন উঠছে, যদি বিপুল সংখ্যক মহিলা এই পরিষেবা নিতে চান, তাহলে পর্যাপ্ত সরকারি বাস কি থাকবে? পরিষেবা চালু হওয়ার পর যাত্রীদের চাপ সামলাতে পরিবহন দপ্তর কী ব্যবস্থা নেয়, এখন সেদিকেই নজর সকলের।
#FreeBusTravel #WomenSmartCard #GovernmentBusScheme #WomenEmpowerment #PinkCard #FreeTravel #WestBengal #WomenSafety

