Park Street Kolkata: রঙচটা প্রাচীরের দেওয়াল ঘেঁষে টুপ করে সন্ধ্যা নামে। হামাগুড়ি দিয়ে অন্ধকার ঢোকে আমাদের বেডরুমে। যৌনতায় মিশে থাকে জীবনের টানাপোড়েন। ক্লাসিফাইড বিজ্ঞাপনে ভরসা খুঁজতে থাকে মধ্যবিত্ত মন। চৌকাঠের চিহ্ন রেখে যায় বদলে যাওয়া সময়, আর না বদলানো কিছু মানসিকতা দরজায় খিল দিয়ে দিনবদলের স্বপ্ন দেখে। আজকের কথকতায় জমে থাক ‘জীবনের ঘূর্ণিপাক‘। লিখছেন প্রাণকৃষ্ণ ঘোষ।
পার্কস্ট্রিট কলকাতার অন্যতম ব্যস্ত রাস্তার নাম। শুধু কি রাস্তা! পার্কস্ট্রিট তো যেন এক জ্বলন্ত মহাকাব্য। এহেন পুরনো কলকাতার এক অন্যতম ব্যস্ত ও অভিজাত রাস্তার নাম শুনলেই মনে পড়ে মিনিবাস, জেব্রা ক্রসিং, ভিড়, সিমেট্রি আর অবশ্যই কড়া পাকের চা।
সত্যি কথা বলতে গেলে পার্কস্ট্রিট চিনতে শেখা অঞ্জন দত্ত এর ইন্টারভিউ পড়ে। একটা রাস্তার নামে কী পরিমাণ আবেগ জুড়ে থাকতে পারে তা অঞ্জন দত্ত ও পার্কস্ট্রিটকে এক বন্ধনীতে রেখে না অনুধাবন করলে বোঝাই যাবে না। ক্রিসমাস এর মতো আলো সবসময় পার্কস্ট্রিটকে সুসজ্জিত না করলেও পার্কস্ট্রিট নিজেই যেন এক আলোর দিকে ধাবমান। বাংলা, ইংরেজি, হিন্দির মিশ্রনে পুরো কলকাতারই যেন এক ক্ষুদ্র সংস্করণ এই পার্কস্ট্রিট। ভাষা কোনো সমস্যা নয়। এহেন রাজপথে সবাই ছুটে চলেছে নিজস্ব গতিতে। কেউ কাজে। কেউ আড্ডায়। কেউ চিকিৎসা জনিত কারণে। কেউ পেশার বাধ্যতায়। কেউ চা এর নেশার টানে। কেউ প্রেমিকের হাত ধরে তো কেউ একা। কেউ মা এর আঙুল ধরে তো কেউ প্রেমিকার আঁচল ধরে। জেব্রা ক্রসিং মেনে রাস্তা পেরোনোর মধ্যেও এখানে আত্মবিশ্বাস এর জন্ম হয়। মিনিবাস, বাইক আর ট্যাক্সির আগল ভেঙে রাস্তা পারাপারেই যেন লেখা হয়ে যায় শান্তির অমোঘ বার্তা। ঠিক গাছের ছায়ায় সুসজ্জিত এপিটাফ এর মতো। সিমেট্রিকে ঘিরে রাখা গাছগুলো যেন অন্তিম শান্তির কথা বলে। মানবতার কথা বলে। একাত্মতার কথা বলে। মন্দির-মসজিদ- গীর্জা হোক বা বাংলা – ইংরেজি – হিন্দি পার্কস্ট্রিট ঐক্যের কথাই বলে। নৈকট্যের কথাই বলে। রাস্তার পাশের দোকানে কেনা ড্রাইফ্রুট হোক বা বিশাল আউটলেট এর শার্ট, ছোট চা এর দোকানের মালাই টোস্ট হোক বা বড় ক্যাফের কফি – পার্কস্ট্রিট আছে পার্কস্ট্রিটেই। মূলস্রোতের কোনো বদল হয়নি আজও। এখানে জীবন আজও কুড়ি টাকা ভাঁড়ের বিনা চিনি চা এর মতোই সুন্দর। সন্ধ্যা নামার আগে টিপটাপ বৃষ্টির মতোই সুন্দর। এখনও।
#ParkStreetKolkata #KolkataDiaries #CityOfJoy #KolkataCulture #HeritageKolkata
সাম্প্রতিক পোস্ট
স্কুলের শৌচাগারে সাপ! নামী বেসরকারি স্কুলের নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন, কী বলছে কর্তৃপক্ষ
নিউ মার্কেটের অগ্নিকাণ্ডের নেপথ্যে আসল কারণ কী? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য
অভিজিৎ দীপকে কি তবে এবার বিজেপিতে? রাজনৈতিক প্রস্তাব ঘিরে তুঙ্গে জল্পনা
ঋতব্রতই বিরোধী দলনেতা, হাইকোর্টের বড় পর্যবেক্ষণ, কালীঘাটপন্থী তৃণমূলের পদক্ষেপ কী?

