দীর্ঘ ১০ বছর পর রাজকীয় প্রত্যাবর্তন (DeShu Comeback)। ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন, বিতর্ক সবকিছুকে ছাড়িয়ে গেছে দর্শকের উন্মাদনা, চাহিদা এই জুটিকে ঘিরে। ২০২৫ এ একটি ইভেন্ট বুঝিয়ে দেয় বাংলা সিনেমায় এই জুটি কতটা তাৎপর্যপূর্ণ। দর্শকের আবেগ, বাংলা সিনেমার ব্যবসায়িক সাফল্যে এই জুটির ভূমিকা কতটা জানতে অবশ্যই প্রতিবেদনটি পড়ুন।
বাংলা সিনেমার দর্শক পর্দায় জুটিকে ঘিরে চিরকালই আবেগপ্রবণ। উত্তম–সুচিত্রার অনন্য রসায়ন আজও রয়ে গেছে বাংলা সংস্কৃতির নস্টালজিয়ার অংশ হয়ে। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় এসেছে একের পর এক জনপ্রিয় অনস্ক্রিন জুটি— প্রসেনজিৎ–ঋতুপর্ণা, জিৎ–কোয়েল, এবং পরবর্তীকালে দর্শকের হৃদয়ে ঝড় তোলা দেব–শুভশ্রী (DeShu Comeback)। সিনেমার রোম্যান্স, ড্রামা আর মাসালা এন্টারটেইনমেন্টের সংজ্ঞা অনেকটা গড়ে উঠেছিল এই জুটিকে কেন্দ্র করে। দশ বছর পর তাঁদের কামব্যাক একসঙ্গে পর্দায় ফিরছে, আর সেটি ঘিরে দর্শকের মধ্যে শুরু হয়েছে প্রবল উত্তেজনা। বাংলা সিনেমার সমালোচক মহলে প্রশ্ন একটাই— এই কামব্যাক কি বাংলা সিনেমায় ব্যবসায়িক সাফল্যের নতুন দিগন্ত খুলবে?
আরও পড়ুন : ‘প্রজাপতি ২’ হিট না ফ্লপ │ম্যাজিক জুটিতে দর্শকের মন ভরলো? Projapoti 2 Release
২০০৯-২০১৫ এই ছয় বছরে বাংলা বাণিজ্যিক সিনেমার স্বর্ণযুগের কেন্দ্রে ছিলেন তারাই। চ্যালেঞ্জ, রোমিও, পরাণ যায় জ্বলিয়া রে— প্রতিটি ছবিই প্রমাণ করেছে, দেব–শুভশ্রী কেবল পর্দার চরিত্র নন, তাঁরা ছিলেন এক প্রজন্মের রোম্যান্স আইকন। ‘চ্যালেঞ্জ’ সিনেমাটি দিয়ে এই জুটির যাত্রা শুরু হয় ২০০৯ সালে। ২০০৯ এর শেষ দিকেই মুক্তি পায় ‘পরান যায় জ্বলিয়া রে’ সিনেমাটি। দুটো সিনেমাই ব্লকবাস্টার হিট।
‘চ্যালেঞ্জের’ কলেজের দৃশ্য টিনেজারদের মনে ঢেউ তোলে। ‘পরান যায় জ্বলিয়া রে’ সিনেমায় ফুটবল খেলার দৃশ্য প্রত্যেকটা ভারতবাসীর সেন্টিমেন্টের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়। এখানেই এই জুটির সার্থকতা। যখন এই জুটি আবার ফিরছে বড় পর্দায়, তখন দর্শকের উচ্ছ্বাস ছুঁয়ে ফেলছে সোশ্যাল মিডিয়া থেকে সিনেমাহল পর্যন্ত। এখনো পর্যন্ত এই জুটির মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা মাত্র ছয়টি। কিন্তু প্রত্যেকটি সিনেমার বাণিজ্যিক সফলতা রয়েছে। ২০২৫-এ প্রায় ১০ বছর পর মুক্তি পেয়েছে ‘ধুমকেতু’, যা এই জুটির শেষ সিনেমা এখনো পর্যন্ত। সিনেমাটি বক্স অফিসে ব্যবসা করেছে ২৫ কোটি টাকার। ২০২৫ এর সেরা ব্যবসায়িক সাফল্যে বাংলা সিনেমার তালিকায় প্রথম।

তবে সময়ের সঙ্গে সঙ্গে গল্প পাল্টেছে, চরিত্র পাল্টেছে, দর্শকের রুচিও বদলেছে। তাই ২০২৬ সালে এই পুরনো জুটি কি আবারও আগের মতো ম্যাজিক তৈরি করতে পারবে? দেব–শুভশ্রীর রসায়ন এখনো ব্র্যান্ড, কিন্তু সেই ব্র্যান্ডকে আজকের দর্শকের মানসিকতার সঙ্গে মানিয়ে উপস্থাপন করাই হবে মূল চ্যালেঞ্জ। ২০২৬-এর বাংলা সিনেমা বাজার আগের চেয়ে অনেক বেশি প্রতিযোগিতামূলক। ওটিটি প্ল্যাটফর্ম যেমন হইচই, জিও সিনেমা, নেটফ্লিক্সে আজকের দর্শক বিশ্বমানের কনটেন্ট দেখছে। ফলে শুধু তারকা–নির্ভর সিনেমা দিয়ে দর্শকের মন জয় করা এখন কঠিন। দেব এখন কনটেন্ট ও কমার্শিয়াল—দুই ধারারই প্রতিনিধি; অন্যদিকে শুভশ্রী ‘ইন্দুবালা ভাতের হোটেল’ দিয়ে প্রমাণ করেছেন, তিনি শুধুই গ্ল্যামার আইকন নন, তিনি একজন শক্তিশালী অভিনেত্রী। দেশু জুটির প্রত্যাবর্তন একটি ইভেন্ট। এটি শুধুই সিনেমা নয়, এটি একটি সেন্টিমেন্ট।
আরও পড়ুন : ‘লহ গৌরাঙ্গের নাম রে’ মুক্তি পাচ্ছে │ দর্শকের হৃদয় ছোঁবে? ‘Loh Gauranger Nam Re’ movie release
দেশু জুটির কামব্যাকের (DeShu Comeback) ঘোষণা ইতিমধ্যেই দেব ও শুভশ্রীর অফিশিয়াল পেজ থেকে হয়েছে। নানা বিতর্কের শেষে বাংলা সিনেমায় এই ব্লকবাস্টার জুটির প্রত্যাবর্তন। আগামী দিনে বাংলা সিনেমার ব্যবসায়িক সাফল্য কতটা সুনিশ্চিত করতে পারবে এই জুটি তা তো ছবি মুক্তির পর দর্শক বলবেন। সামাজিক মাধ্যমগুলিতে এই খবরের পর দেব ও শুভশ্রীর ভক্তদের ফ্যানপেজে এখনই রিল, মিম, কাউন্টডাউন পোস্টের ঝড়। দেব–শুভশ্রীর কামব্যাক শুধুই একটি চলচ্চিত্রের ঘটনা নয়, এটি বাংলা সিনেমার ইতিহাসে একটি পুনর্জন্মের মতো। এই জুটি ফিরছে এমন সময়ে, যখন ইন্ডাস্ট্রি খুঁজছে তার পরবর্তী বড় মুহূর্ত। যদি গল্প, মিউজিক, ও আবেগ মিলেমিশে যায় সঠিক ভারসাম্যে, তাহলে দেশু জুটি প্রমাণ করতে পারে — ভালোবাসার গল্পের কোনো মেয়াদ হয় না, কেবল সময় পাল্টায় তার উপস্থাপনা। দর্শক অপেক্ষা করছে নতুন ভাবে এই জুটিকে দেখার। আর বাংলা সিনেমা দেশু জুটির হাত ধরে ‘ধুমকেতুর’ মতোই নতুন দিগন্তে পথ চলার অপেক্ষায়।
#DevShubhashree, #Dev, #ShubhasreeGanguly, #BengaliMovies, #Tollywoodnews, #DeShu, #BanglaCinema
Most Viewed Posts
- ২০২৬-এ মেষ রাশির জন্য আসছে বড় মোড় │ Aries Horoscope 2026 Full Prediction
- মোটা হবেন না, মিষ্টি খান নিশ্চিন্তে │ Guilt-Free Sweets for Diwali Delight
- ‘মায়া ভরা রাতি’ আবার ফিরছে—অরিজিৎ সিং-এর কণ্ঠে নতুন করে জেগে উঠবে এক চিরন্তন গান
- বাড়িতে রাখুন এই নয় গাছ, সৌভাগ্য ফিরবেই
- Dharmendra death: ধর্মেন্দ্রর জীবনের এই ১১টি তথ্য অনেকেই জানেন না │ 11 Untold Facts About Dharmendra

